Dhaka Mail Logo

শিল্প ও সাহিত্য

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসব, পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) বাংলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে নকীব একাডেমি।

উৎসবে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু-কিশোর লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। শিশু-কিশোরদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা, নতুন লেখক তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্র প্রসারিত করার লক্ষ্যে উৎসবে ছিল নানা আয়োজন। এর মধ্যে স্বরচিত ছড়া-কবিতা পাঠ ও শিশুকিশোর প্রহর বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।

আরও পড়ুন

নকীব পদক পেলেন ধর্ম উপদেষ্টা ও ঢাকা মেইলের জহির উদ্দিন বাবর

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল নজরুলজয়ন্তী ছড়া-কবিতা প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার প্রদান, নকীব জাতীয় শিশু সাহিত্য প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ এবং শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নকীব পদক ২০২৬’ প্রদান।

এ বছর নকীব পদক পেয়েছেন গুণী লেখক মাওলানা শরীফ মুহাম্মদ, সাংবাদিক সমর ইসলাম এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব।

পদক নিচ্ছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক সমর ইসলাম। ছবি: সংগৃহীত
পদক নিচ্ছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক সমর ইসলাম। ছবি: সংগৃহীত

মাসিক নকীবের সম্পাদক জিয়াউল আশরাফ ও নির্বাহী সম্পাদক সাঈদ আবরারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকীব একাডেমির উপদেষ্টা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, মুনীরুল ইসলাম, সায়ীদ উসমান, হুমায়ুন কবির শাবীব ও বদরুজ্জামান।

আরও পড়ুন

নকীব পদক পেলেন তিন লেখক

এ ছাড়া বক্তব্য দেন মানজিল গ্রুপের চেয়ারম্যান জামাল মাসরুর, সাফওয়ান’স মাদরাসার চেয়ারম্যান মাওলানা আব্দুল জলীল, লাইফলাইন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ নূরুন্নবী এবং এম কে ট্রাভেলসের পরিচালক মাইন উদ্দিন রুবেল।

মনোজ্ঞ সংগীত ও আবৃত্তির আয়োজন। ছবি: সংগৃহীত
মনোজ্ঞ সংগীত ও আবৃত্তির আয়োজন। ছবি: সংগৃহীত

সমাপনী বক্তব্যে নকীব একাডেমির সভাপতি মুনতাছির আহমাদ বলেন, দীর্ঘদিন ধরে মাসিক নকীব শিশু-কিশোরদের সৃজনশীলতা, মননশীলতা ও সাহিত্যপ্রতিভা বিকাশে কাজ করে আসছে। ২০২১ সালে প্রবর্তিত নকীব পদক এবং ২০২৫ সালে প্রতিষ্ঠিত নকীব একাডেমির কার্যক্রমের ধারাবাহিকতায় নকীব উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের জন্য সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার নানা উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

মাসিক নকীবের সম্পাদক হলেন জিয়াউল আশরাফ

উৎসবের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সংগীত ও আবৃত্তির আয়োজন। এতে কলরব, স্বপ্নসিঁড়ি, মানজিল ও ভয়েস স্টারের শিশু-কিশোর শিল্পীরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

জেবি