Dhaka Mail Logo

শিল্প ও সাহিত্য

ইসলামি বইমেলায় মিযানুর রহমান জামীলের দুই বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলায় কলমসৈনিক পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বই দুটি হলো— মাদক আগ্রাসন রুখে দাঁড়াও বাংলাদেশ ও কর্নাটকের দিনগুলো।

শনিবার (১০ অক্টোবর) রাতে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে কর্নাটকের দিনগুলো বইটি দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ১৭ দিনের এক দীর্ঘ সফরের অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণকাহিনি।

বইটিতে মাদরাসা দারুর রাশাদের মুহতামিম ও প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মাদ সালমানের সঙ্গে লেখকের সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। মাওলানা মুহাম্মাদ সালমান প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)-এর খলিফা।

সফরটি শুরু হয় কলকাতা থেকে। এরপর নদওয়া, দেওবন্দ, দিল্লি ও পানিপথসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান এবং আকাবিরের স্মৃতিবিজড়িত মাজার জিয়ারত করেন সফরসঙ্গীরা। পরে রাজস্থানের মরুভূমি ও পাহাড়ি পথ পেরিয়ে রত্নগিরি হয়ে দক্ষিণ ভারতের কর্নাটকে পৌঁছান তাঁরা। সেখানে টিপু সুলতানের স্মৃতিবিজড়িত মহীশূর পরিদর্শন শেষে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে যান। সফরের একপর্যায়ে দুর্ঘটনা ও ট্রেনের সময়সূচি বাতিলের কারণে সৃষ্ট টানাপোড়েন এবং প্রতিকূল পরিস্থিতির চার দিনের অভিজ্ঞতাও স্থান পেয়েছে বইটিতে। ভারতের ১৩টি প্রদেশ ঘুরে হাজার মাইল পাড়ি দিয়ে কলকাতার হাওড়া স্টেশনে সফর শেষ হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা বলেন, কর্নাটকের দিনগুলো বইয়ে ভারতের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহের পাশাপাশি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা উঠে এসেছে। ছড়া, কবিতা, জীবনী, গল্প ও প্রবন্ধ রচনার পর ভ্রমণসাহিত্যে লেখকের এ পদচারণ তাঁর প্রকাশনাজগতে নতুন মাত্রা যোগ করেছে।

লেখক মিযানুর রহমান জামীল বলেন, ‘ভারত সফরনামা’ নামে তার মূল রচনাটি ৬০০ পৃষ্ঠারও বেশি। এতে সফর করা বিভিন্ন রাজ্যের দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে উপমহাদেশের বরেণ্য আলেমদের স্মৃতিবিজড়িত ইমারত ও প্রতিষ্ঠানগুলোর ইতিহাস এবং সেগুলো টিকে থাকার বিবরণ।

প্রকাশিত দুটি বই। ছবি: সংগৃহীত
প্রকাশিত দুটি বই। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ঘটনাবহুল এ সফরনামা পাঠককে সহজেই অনুপ্রাণিত করবে। কর্নাটকের দিনগুলো মূলত সেই বৃহৎ সফরনামার সংক্ষিপ্ত রূপ।

এ সফরে মিযানুর রহমান জামীলের সঙ্গে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের দাঈ ও আলেম মাওলানা সাইফুদ্দিন নদভী এবং বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও ভাষা প্রশিক্ষক মুনীরুল ইসলাম, শীলন বাংলাদেশের সভাপতি ও সাংবাদিক মাসউদুল কাদির, মাকতাবাতুল খিদমাহর প্রকাশক মাওলানা আব্দুল মান্নান, ছড়াকার ও গল্পকার সুমন রায়হান, কবি ও সম্পাদক জিয়াউল আশরাফ, ক্যালিগ্রাফি শিল্পী ইলিয়াস হোসাইন, লেখক মুহাদ্দিস উবায়দুল হক খান, ঔপন্যাসিক সায়ীদ উসমান এবং ইমাম-খতিব ও লেখক মুফতি নাসির বিন নূরসহ অনেকে।

দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যের ঐতিহাসিক সফর নিয়ে লেখা কর্নাটকের দিনগুলো প্রকাশ করেছে পুরানা পল্টনের প্রকাশনা প্রতিষ্ঠান সম্পাদনা কেন্দ্র। বইটির পরিবেশক বাংলাবাজারের মাকতাবাতুল খিদমাহ।

জেবি