নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
কওমি লেখকদের লেখালেখি দিন দিন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বরেণ্য লেখক ও কথাসাহিত্যিক, দারুর রাশাদ মাদরাসার শায়খুল হাদিস মাওলানা লিয়াকত আলী। তিনি বলেন, কওমি লেখকদের লেখালেখিতে অনেক উন্নতি হয়েছে। লিটলম্যাগ, বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশনা ও সাহিত্য আন্দোলন এ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামি বইমেলার লিটলম্যাগ চত্বরে শীলন বাংলাদেশের আয়োজনে সংগঠনটির ১২৩তম সাহিত্যসভায় তিনি এসব কথা বলেন।
সভার মুখ্য আলোচক কবি ও শিশুসাহিত্যিক মুনীরুল ইসলাম পঠিত লেখাগুলোর চুলচেরা বিশ্লেষণ করে আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কবিতায় ছন্দের ব্যবহার ও বৈচিত্র্যের দিকে নজর দিতে হবে। একই কবিতায় একই ধরনের ছন্দ ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক মাওলানা মাসউদু কাদির। তিনি বলেন, শীলনের ১২৩তম সাহিত্যসভায় যারা লেখা পড়েছেন এবং বিভিন্নভাবে সঙ্গ দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সাহিত্যসভার সঙ্গে পাঠচক্রকেও সম্পৃক্ত করতে চাই। আগামী দিনগুলোতে লেখকেরা নিজেদের লেখা নিয়ে নিয়মিত উপস্থিত থাকবেন—এমন প্রত্যাশা করছি।
সাহিত্যসভায় নিজেদের লেখা পাঠ করেন কবি সায়ীদ উসমান, মিজানুর রহমান জামীল ও নাজমুল হুদা মজনু।
জেবি