images

শিল্প ও সাহিত্য

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার পাচ্ছেন জিয়া হক

ঢাকা মেইল ডেস্ক

১৬ জুন ২০২৬, ০৯:২৩ পিএম

কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬ পাচ্ছেন কবি জিয়া হক। কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর সভাপতি সীমান্ত আকরাম ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যায় এ সংবাদ জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর আয়োজনে ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার ২০২৬’ ঘোষণা করা হলো। গতবছর থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এ বছরও কাঠপেন্সিল সাহিত্য সংসদ-এর নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাহিত্যের ৬টি শাখায় ৬জন তরুণ প্রতিভাবান লেখককে উক্ত পুরস্কারে ভূষিত করা হয়েছে। 
পুরস্কার প্রাপ্ত লেখকরা হলেন- কবিতায় জিয়া হক (মাদারীপুর), কথাসাহিত্যে মনির বেলাল (রাজশাহী), শিশু সাহিত্যে রবিউল কমল (সাতক্ষীরা), প্রবন্ধে খোরশেদ মুকুল (চট্টগ্রাম), অনুবাদ সাহিত্যে মোহাম্মদ সাইফুল্লাহ (নোয়াখালী) এবং সম্পাদনায় তাওহীদুল ইসলাম (বগুড়া)। 

জিয়া হক বলেন, “পুরস্কার পাওয়া সবসময়ই আনন্দের। নিজের কাজকে আরো সুন্দর ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে নিতে পুরস্কার দারুণ উৎসাহ হিসেবে কাজ করে। কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার আমার লেখালেখিকে আরও গতিশীল ও ক্ষুরধার করবে। পাঠকের কাছে আমি আন্তরিক দোয়া চাই। কাঠপেন্সিল পরিবারকে ধন্যবাদ জানাই— তারা আমাকে পুরস্কারের জন্য মনোনীত করেছেন।” 

স্কুল গণ্ডি পেরোনোর আগেই ২০০৫ সালে জিয়া হকের কিশোর কবিতার বই ‘গন্ধরাজের ডানা’ প্রকাশিত হয়। ২০১৩ সালে প্রকাশিত হয় প্রেমানুকাব্য ‘মিস তোকে মিস করি’ ও কিশোরকাব্য ‘বন নাচে মন নাচে’। ২০২৩ সালে ‘ঢেউ দোলানো নদীল মায়া’ ও ২০২৬ সালে প্রকাশিত হয় ‘দ্য কালচারাল হিরো’। 

সামাজিক যোগাযোগমাধ্যমে জিয়া হকের কবিতার সাড়া সমসাময়িক বাংলা সাহিত্যে নজিরবিহীন। ‘হাদির জিন্দাবাদ’, ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’, ‘হাদি তুই ফিরে আয়’—এই কবিতা ও সংগীত অল্প কয়েক দিনের মধ্যেই কোটি কোটি মানুষের আবেগ, ক্ষোভ ও প্রত্যাশার ভাষা হয়ে উঠেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে শত মিলিয়নের বেশি ভিউ অর্জন, রিলস প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে টপ সার্চে তার নাম উঠে আসা—এসব ঘটনা একজন কবিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। সাম্প্রতিক বৈশ্বিক সেনসেশনদেরও পেছনে ফেলে একজন বাংলা কবির এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্য নয়। এটি বাংলা কবিতার জন্যও এক গৌরবের মুহূর্ত। 

জিয়া হকের জন্ম মাদারীপুরের শিবচরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত। 

ক.ম/