images

শিল্প ও সাহিত্য / জাতীয়

বইমেলা শুরু, তবুও অসম্পূর্ণ অনেক স্টল

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

অমর একুশে বইমেলা, ২০২৬ শুরু হয়েছে। তবে এখনো শেষ হয়নি বিভিন্ন স্টল নির্মাণের কাজ। ফলে মেলার পূর্ণতা না পাওয়ায় আক্ষেপ আগত দর্শনার্থীদের। তবে দ্রুত সময়ের মধ্যে অসম্পূর্ণ স্টলগুলো কাজ শেষ করার কথা বলছেন সংশ্লিষ্টরা।

এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে বইমেলা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরেজমিনে দেখা যায়, বইমেলা শুরু হলেও এখনো পুরোপুরিভাবে সব স্টল নির্মাণের কাজ শেষ হয়নি। অনেক স্টলের কাজ এখনো বাকি রয়েছে। তবে এসব স্টল দ্রুত নির্মাণে কাজ চালাচ্ছেন কারিগররা।

Book_fair_1
অমর একুশে বইমেলা, ২০২৬ শুরু হলেও অনেক স্টল নির্মাণ কাজ অসম্পন্ন রয়ে গেছে। ছবি- ঢাকা মেইল

অনেক স্টল নির্মাণ কাজ ৪০-৫০ শতাংশ বাকি থাকলেও দুই একদিনের মধ্যে কাজ সম্পন্ন করার আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকাশক ও লেখকদের আশা, দুই একদিনের মধ্যেই পুরোপুরি জমে উঠবে বইমেলা।

জানা গেছে, এবার বইমেলার আয়োজন নিয়ে কিছু জটিলতা হয়েছিল। কিছু দাবি জানিয়ে আয়োজন থেকে সড়ে দাড়িয়েছিল প্রকাশক ঐক্য। পরে সরকারের পক্ষ থেকে তৎপরতা চালিয়ে ও প্রকাশকদের দাবি পূরণ করে সবপক্ষে অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

মূলত এসব কারণেই স্টল নির্মাণ কাজ পিছিয়ে যায়। ফলে বইমেলা শুরু হয়ে গেলেও অনেক স্টলের কাজ এখনো বাকী রয়ে গেছে। তবে এখন দ্রুততম সময়ে পিছিয়ে পড়া স্টলগুলোর শেষ করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Book_fair_3
অমর একুশে বইমেলা, ২০২৬ শুরু হলেও অনেক স্টল নির্মাণ কাজ অসম্পন্ন রয়ে গেছে। ছবি- ঢাকা মেইল

  বইমেলার স্টল নির্মাণের কাজ করছেন রাজিব হোসেন। তিনি বলেন, ‘স্টল নির্মাণের জন্য দ্রুত গতিতে কাজ করছি।

‘মেলা শুরু হওয়ার আগেই কাজ শেষ করার ইচ্ছা ছিল, সীমাবদ্ধতার কারণে সম্ভব হয়নি। আশা করছি, দুই-একদিন মধ্যে কাজ শেষ হবে।’

প্রকাশক আলামিন তালুকদার ঢাকা মেইলকে বলেন, গত বছর স্টলের কাজ বইমেলা শুরু হওয়ার আগেই শেষ হয়েছিল।

‘এবার বইমেলা শুরু হলেও কাজ শেষ হয়নি। তবে আশা করছি, ২৮ ফেব্রুয়ারি সাজানো-গোছানো স্টল পাবো।’

Book_fair_5
অমর একুশে বইমেলা, ২০২৬ শুরু হলেও অনেক স্টল নির্মাণ কাজ অসম্পন্ন রয়ে গেছে। ছবি- ঢাকা মেইল

প্রথমদিন বইমেলায় দর্শনার্থীর সংখ্যাও কম ছিল। আগতদের বেশিরভাগ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা জানিয়েছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরিপূর্ণরুপে স্টল চালুর।

বইমেলা দেখতে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী রায়হান আহমেদ। বললেন, ‘আজকে স্টলগুলো ঘুরে দেখবো এবং পছন্দের বই চিহ্নিত করে রাখব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সান হাসান বলেন, ‘বইমেলার স্থান এখনো ঠিক মতো সাজানো-গোছানো হয়নি। আশা করি, কয়েকদিনের মধ্যে শেষ হবে।’

তিনি আরও বলেন, বইমেলায় আসলে বইপ্রেমীদের মন যেন ভালো হয়ে যায়। তবে এখনো সেভাবে বইমেলা প্রস্তুত হয়ে উঠেনি।

‘আসলে দর্শনার্থী চায় সাজানো-গোছানো বইমেলা’, যোগ করেন ঢাবির এই শিক্ষার্থী।

এরআগে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টায় বইমেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেন তিনি।

এসএইচ/এএম