images

শিল্প ও সাহিত্য

বইমেলায় প্রথম কাব্যগ্রন্থ নিয়ে আসছেন মুনাওয়ার হাসনাইন

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৩ পিএম

আসন্ন অমর একুশে বইমেলা–২০২৬-এ নতুন কণ্ঠ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তরুণ কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ প্রকাশ করছে আলোর ঠিকানা প্রকাশনী। বইটি পাওয়া যাবে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৫৬–৩৫৭ নম্বর স্টলে।

বয়সে তরুণ হলেও ছন্দের প্রতি তার দখল এবং উপমার নান্দনিক ব্যবহারে ইতোমধ্যে পাঠকমহলে কৌতূহল তৈরি হয়েছে। কবিতা ও গানে তার স্বতন্ত্র কাব্যভাষা অনেকের নজর কাড়ছে। নতুন বইটি নিয়েও সাহিত্যাঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ।

কবি ও গীতিকার রাকিবুল এহসান মিনার বইটি সম্পর্কে বলেন, মুনাওয়ার বয়সে তরুণ হলেও লেখায় পরিণত ভাব স্পষ্ট। গ্রন্থের নাম নির্বাচন থেকে শুরু করে প্রতিটি কবিতায় সেই পরিপক্বতার ছাপ রয়েছে। লেখকের নাম ছাড়া পাণ্ডুলিপি পড়লে বোঝা কঠিন এটি প্রথম কাব্যগ্রন্থ।

বাংলাদেশ সাহিত্য মঞ্চ-এর সভাপতি রবিউল ইসলাম শেখ বলেন, পড়াশোনা, শিল্পচর্চা ও সামাজিক সচেতনতার সমান্তরাল যাত্রায় মুনাওয়ার হাসনাইন নিজেকে গড়ে তুলছেন দায়বদ্ধ ও সংবেদনশীল লেখক হিসেবে। তারই প্রতিফলন দেখা যায় এই কাব্যগ্রন্থে।

তিনি বইটির ব্যাপক প্রচার-প্রসার এবং লেখকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, মুনাওয়ার হাসনাইনের লেখা গান রক্ষাকবচ ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। পাশাপাশি তার রচিত আরও কয়েকটি গানও প্রশংসিত হয়েছে। কবিতা ও গানের এই দ্বিমুখী সৃজনযাত্রায় প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বইমেলায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।

এমআর/এএস