ফিচার প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২৫, ০৩:১২ পিএম
বাংলাদেশের শিল্পকলা একাডেমিগুলোর মাধ্যমে দেশব্যাপী নাচ ও গান শিক্ষা চালুর কাজ চলছে বলে জানিয়েছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি আজ দেশে টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ উদ্বোধন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই তথ্য জানান।
উপদেষ্টা ফারুকী বলেন, আমাদের একটা কাজ চলছে শিল্পকলা একাডেরির। এখন পর্যন্ত এটা প্রোটোটাইপ পর্যায়ে আছে। সামনে এটা রোল আউট হবে। এটা হচ্ছে ন্যাশন ওয়াইড মিউজিক অ্যান্ড ড্যান্স এডুকেশনটা ছড়ানো।
তিনি আরও বলেন, আমাদের বেশিরভাগ শিল্পকলা একাডেমি অলমোস্ট ডিফাংশনাল। নাম কা ওয়াস্তে আছে আরকি। এটার খুব একটা বড় কন্ট্রিবিউশন আপনাকে দেবে না। শিল্পকলা একাডেমি থেকে আমি গান শিখে এসে বড় শিল্পী হয়েছি, বা নাচ শিখে এসে বড় শিল্পী হয়েছি, এরকম সংখ্যা খুব কম। তার মানে এটা প্রপারলি ফাংশন করছে না। হয় এটার কারিকুলাম ঠিক নাই, অথবা এর শিক্ষকরা আদর্শ নয় কিংবা এই প্রক্রিয়াটা সঠিক নয়।

ফারুকী বলেন, এটা দূর করার জন্য আমাদের টিম কাজ করছে। তারা কারিকুলাম ডেভেলপ করার চেষ্টা করছে এবং তারা অনলাইন এবং অফলাইন দুইটাকেই ইন্ট্রিগ্রেট করার চেষ্টা করছে। ধরুন, যারা ফিজিক্যালি একটা জেলায় গিয়ে সপ্তাহে একদিন বাঁশি শেখালো, বাকি জেলাগুলোতে যেন সে অনলাইনে বাঁশি বাজানো শেখাতে পারে।
সংস্কৃতি উপদেষ্টা জানান, শিগগিরই টিকটকের টিমের সঙ্গে শিল্পকলা একাডেমির কর্তাব্যক্তিরা বৈঠকে বসবেন। যাতে করে টিকটকের সঙ্গে যৌথ উদ্যোগে কীভাবে বাংলাদেশে শিল্প-সাহিত্য ছড়িয়ে দেওয়া যায়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ সরকার এবং টিকটকের সঙ্গে যৌথভাবে আজ থেকে স্টেম ফিচার চালু করা হয়েছে।
আরও পড়ুন: টিকটকের নতুন ফিচার ‘স্টেম ফিড’ বাংলাদেশে চালু
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশন্স ফেরদৌস মোত্তাকিন বলেন, স্টেম ফিড এই উদ্যোগটি বাংলাদেশে কমিউনিটির জন্য শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় এবং নিরাপদ করবে বলে আমি মনে করি। অভিভাবক, শিক্ষক এবং নীতিনির্ধারকদের সঙ্গে একসাথে কাজ করে আমরা নিশ্চিত করতে চাই যে এই প্ল্যাটফর্মটি ডিজিটাল অন্তর্ভুক্তি ও তরুণদের ক্ষমতায়নে দেশের লক্ষ্যকে সহায়তা করবে।
এজেড