লাইফস্টাইল ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ০৮:০৩ পিএম
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ স্থান পাবেন কি পাবেন না—এই তর্কে যাওয়া আমার কাজ না। আমার মতো অনেকের জন্য তিনি সেই ব্যক্তি, যিনি আমাদের প্রজন্ম এবং তার পরের প্রজন্মকে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
হুমায়ূন আহমেদ সেসব ক্ষণজন্মা লেখকদের একজন যিনি, নজিরবিহীন জনপ্রিয়তা লাভ করেছেন তার জীবদ্দশায়। খুব কম লেখকের ভাগ্যেই এমন সৌভাগ্য জোটে। কিন্তু তার বই বেশি বিক্রি হওয়া নিয়েও তাকে কম কথা শুনতে হয়নি। কোনো এক প্রতিথযশা অধ্যাপক তার উপন্যাসকে বলেছিলেন ‘অপন্যাস’। বুদ্ধিজীবী মহলের অনেকেই তালে লেবেল দিয়েছেন সস্তা জনপ্রিয়তার লেখক হিসেবে।
কিন্তু হুমায়ূন আহমেদের কোনো লেখাই কি টিকবে না? ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না। প্রথমত লেখা বেশি বিক্রি হওয়াটা সবসময় লেখার গুরুত্বের সাথে ব্যস্তানুপাতিক নয়। কেননা পুঁথিসাহিত্য যখন হাজার হাজার বই বিক্রি হয়েছে, একই সময়ে বঙ্কিমের দুর্গেশনন্দিনী হয়তো বিক্রি হয়েছে ২৫০ কপি। গুরুত্বের বিচারে পুঁথিসাহিত্যকে কোনোভাবেই অনেকে কম গুরুত্বপূর্ণ বলতে চাইবেন না। একইভাবে, শরৎচন্দ্রের বইও সমসাময়িক অনেকের থেকে বেশি বিক্রি হয়েছে। তাই বলে তিনি হারিয়ে যাননি কিংবা তার লেখাগুলোর গুরুত্ব হারায়নি।
দ্বিতীয় আরেকটি কারণে হুমায়ূন আহমেদের লেখা টিকে থাকবে বলে আমার বিশ্বাস। তা হলো চরিত্র নির্মাণ। তার হিমু, মিসির আলী, রূপা কিংবা সাধারণ মামা, খালা চরিত্রগুলো কিংবা শ্রাবণ মেঘের দিনের রাশভারী বৃদ্ধ জমিদারের মতো চরিত্রগুলোকে মানুষ নিজেদের পরিচিত চরিত্র হিসেবে আপন করে নিয়েছে। তাদের মতো করে কেউ কেউ বাঁচতে চেয়েছেন। এমনভাবে চরিত্র নির্মাণের ক্ষেত্রে সফল লেখক বাংলা সাহিত্যে গোয়েন্দা উপন্যাসের বাইরে খুব একটা দেখা যায় না।
তৃতীয় আরেকটি কারণে হুমায়ূন আহমেদ টিকে থাকতে পারবেন। তা হলো তার লেখায় সমাজের সরব উপস্থিতি। তাদের হাসি, কান্না, প্রেম, সামাজিক টানাপোড়েন, তাদের রোমান্টিকতা, রুচিবোধ এবং সমাজের নানা শ্রেণির মানুষের সাথে তাদের সম্পর্কগুলো হুমায়ূন আহমেদের চেয়ে অধিক সফলতার সঙ্গে কেউ উপস্থাপন করতে পেরেছেন কিনা আমার জানা নেই।

চতুর্থ কারণ যা হুমায়ূন আহমেদের লেখাকে স্থায়ী রূপ দিতে পারে তা হলো অতি সুক্ষ্ম রসবোধের উপস্থিতি। অনেক গুরুত্বপূর্ণ বা অগুরুত্বপূর্ণ ধারণা মানুষের মস্তিষ্কে গেঁথে দেওয়া হয় সুক্ষ্ম রসিকতার মাধ্যমে। যা হুমায়ূন আহমেদের লেখায় প্রবলভাবে উপস্থিত।
অনেকে এই রসবোধের হালকা আবহের কারণে তার সব লেখাকেই হালকা ভাবেন। তা সম্ভবত হুমায়ূনের লেখার ধরনের সঙ্গে তাদের ব্যক্তিত্বের সংঘাতের কারণে তাদের কাছে মনে হয়। বাংলা সাহিত্যের রম্য ভাগে হুমায়ূন আহমেদের ‘এলেবেলে’র বিশেষ স্থান থাকবে বলে আমি মনে করি।
রহস্যবোধকে অতি সুক্ষ্মভাবে উপস্থাপন করা একটি উচ্চ দক্ষতার ব্যাপার। হুমায়ূন আহমেদ যে এই ব্যাপারে দক্ষ ছিলেন তা তার নিন্দুকেরাও নিশ্চয়ই মানবেন। সেই রসবোধের সঙ্গেই যদি জীবনবোধ মিশ্রিত হয় তাহলে সেই লেখার গুরুত্ব বেড়ে যায় অনেক। এই কারণেই হুমায়ূন আহমেদ গুরুত্বপূর্ণ লেখক।
উপরের কারণগুলো ছাড়াও কোনো বিশ্লেষণ ছাড়াই হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক। বইমেলায় তার বইয়ের কাটতি, প্রকাশকদের ভিড় তার আশেপাশে, তার সম্মানির পরিমাণ সবকিছু তারই সাক্ষ্য বহন করে। ব্যক্তিগতভাবে আমার কাছে হুমায়ূন আহমেদ অসাধারণ কথাসাহিত্যিক, বাংলা সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মূল মাধ্যম।
হুমায়ূন আহমেদ আগামী প্রজন্মকেও বাংলা সাহিত্যের জগতে প্রবেশ করাবেন হয়তো তার পূর্ণ লেখা দিয়ে, এই কারণে তিনি কখনো পুরনো হবেন না। হুমায়ূন আহমেদ তাই আমার কাছে ‘চির নতুন' লেখক।
মুহাম্মদ আশিকুর রহমান ।। চিকিৎসক, অষ্ট্রেলিয়া
এনএম/এইচই