Dhaka Mail Logo

কৃষি ও পরিবেশ

বৃষ্টি আর যানজটে নাকাল রাজধানীবাসী

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

সকালটা বৃষ্টি দিয়েই শুরু হয়েছে রাজধানীবাসীর। গতকাল থেকেই ঢাকার আকাশ কালো করে মেঘ জমে। কিছু সময় ঝিরঝির বৃষ্টি হলেও তা স্থায়িত্ব ছিল না। কিন্তু ভোররাতে আকাশ ভেঙে নেমে আসে বৃষ্টি।

হালকা থেকে মাঝারি বৃষ্টি নগরজীবনে শীতল পরশ নিয়ে এলেও দুর্ভোগও বাড়িয়েছে। বৃষ্টির পাশাপাশি সড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করায় মানুষকে গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও ভোগান্তি উপেক্ষা করে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন ঢাকাবাসী।

গত দুই দিন ঢাকায় হালকা বৃষ্টি ঝরেছে। গতকালও ঢাকার অনেক স্থানে কিছু সময়ের জন্য বৃষ্টি হয়েছে। দিনভর মেঘলা থাকা আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় ভোররাতে, যার ধারা আজ অবধি রয়েছে। আজ সারাদিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টির কারণে অফিসগামী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে রেইনকোট ও ছাতা মাথায় গন্তব্যস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বৃষ্টি থেকে অনেকে শরীরের উপরিভাগ রক্ষা করতে পারলেও শরীরের নিচের অংশ বাঁচাতে পারেছেন না। কাদা আর পানিতে নিচের অংশ ভিজে একাকার হয়ে গেছে। সকাল থেকে আকাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে অনেক গাড়িকে চলতে দেখা গেছে।

jamগণপরিবহনের পাশাপাশি রিকশা সংকট দেখা দেওয়ায় অনেকেরই অফিসযাত্রা বিলম্বিত হয়। এই সুযোগে যেসব রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলছে সেগুলোও ভাড়া আদায় করা হচ্ছে ইচ্ছেমতো।

সকালের দিকে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও পরে গাড়ির চাপ বেড়ে যায়। অনেক সিগন্যালে পরিবহনগুলো দীর্ঘ সময় যানজটে পড়ে থাকায় পায়ে হেঁটে যাত্রীরা গন্তব্যস্থলে রওনা হয়েছেন।

রাজধানীর নতুনবাজার, বাড্ডা, ফার্মগেট, বাংলামোটরসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নতুনবাজার মোড়ে বিআরটিসি বাস থেকে নামেন বেসরকারি চাকরিজীবী রফিকুল। হাতে ছাতা নিয়ে নামার সময় তার শরীরের নিচের অংশ ভিজে একাকার দেখা যায়। রফিকুল বলেন, ছাতা হাতে বাসা থেকে বেরোলেও তুমুল বৃষ্টি শরীরের নিচের অংশকে বাঁচাতে পারেনি। সেজন্য শাহজাদপুরে বাস উঠেছি। আগে হেঁটে এলেও বৃষ্টির কারণে আজ বাসে উঠতে বাধ্য হয়েছি।

সকাল সাড়ে সাতটার দিকে বাংলামোটর এলাকায় দাঁড়িয়ে ছিলেন মাহমুদ হাসান। তিনি বলেন, অফিসের নতুন শিডিউল হওয়ার পর প্রতিদিন সকাল সোয়া সাতটার দিকে বাসে উঠে মতিঝিল যাই। বৃষ্টির কারণে আজ ঘুম ভাঙতে একটি দেরি হয়েছে। দ্রুত বের হয়ে আটটায় এসে দেখি গাড়ির দীর্ঘ জট। কতক্ষণ অফিস পৌঁছাবো তা নিয়ে টেনশনে আছি।’ রফিকুল-মাহমুদের মতো হাজারো নগরবাসীকে বৃষ্টি আর যানজটে ভোগান্তি পড়তে হয়েছে।

dhaka-2

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকার মতো দেশের অনেক স্থানেও বৃষ্টি হচ্ছে। রাজধানীতে সারাদিন মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুষ্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টির প্রভাব থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমআর