Dhaka Mail Logo

কৃষি ও পরিবেশ

জলবায়ু মোকাবিলায় এডিবির সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। একই সঙ্গে জলবায়ু অভিযোজন ও প্রশমন কার্যক্রমে পর্যাপ্ত, সহজলভ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) মন্ত্রীর অফিসকক্ষে এডিবির ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ইংমিং ইয়াংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন ও প্রশমন কার্যক্রম, জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ু ও প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব নগর ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা।

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ-সহিষ্ণু অবকাঠামো নির্মাণে এডিবির কারিগরি ও আর্থিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

Environment_Minister_Abdul_Awal_Mintoo_and_ADB_Vice_President_Yingming_Yangye_1আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। দেশের মানুষের জীবন, জীবিকা ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় সরকার জলবায়ু অভিযোজন ও প্রশমন, উভয় ধরনের কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে।

মন্ত্রী বলেন, এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের পর্যাপ্ত, সহজলভ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন প্রয়োজন। 

এজন্য নিজেদের অগ্রাধিকারগুলো আগে নির্ধারণ করতে হবে। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে এডিবির সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।

পরিবেশ সুরক্ষা, জলবায়ুসহিষ্ণু অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি এবং টেকসই উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে এডিবির অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশও করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও এডিবির চলমান সহযোগিতার ক্ষেত্রগুলো পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন প্রকল্প ও কর্মসূচি গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। 

ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দুই পক্ষের উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং এডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম