images

কৃষি ও পরিবেশ

শ্রীলঙ্কায় সার্কের প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের দশম ফোরাম সভা শুরু

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশিয়ার প্রাণিস্বাস্থ্য ও প্রাণিসম্পদ খাতের সহযোগিতা জোরদারে শুরু হয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের (সিভিও) দশম ফোরাম সভা। বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হওয়া দুই দিনব্যাপী এ সভায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্তবর্তী রোগ নিয়ন্ত্রণ এবং টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
 
সার্ক সচিবালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন বিভাগ, শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যৌথভাবে এ সভার আয়োজন করেছে।

ফোরামে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রধান ভেটেরিনারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার কৃষি, প্রাণিসম্পদ, ভূমি ও সেচ মন্ত্রণালয়ের সচিব ডি.পি. বিক্রমাসিংহে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা খাদ্যনিরাপত্তা বজায় রাখা, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার তাঁর বক্তব্যে শ্রীলঙ্কা সরকারকে টানা দ্বিতীয়বারের মতো এ গুরুত্বপূর্ণ কারিগরি সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

প্রাণিসম্পদ খাতের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে তিনি সার্কের বিভিন্ন উদ্যোগে কারিগরি, সরঞ্জামগত এবং আর্থিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ দক্ষিণ এশিয়ার প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এস. পিয়াসিরি দেশের প্রাণিস্বাস্থ্য খাতে সাম্প্রতিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক। তিনি সদস্যরাষ্ট্রগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তা, সার্ক সচিবালয়, বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি ড. তোমোকো ইশিবাশি সভা আয়োজনের জন্য সার্ক সচিবালয়, সার্ক কৃষি কেন্দ্র এবং শ্রীলঙ্কা সরকারকে অভিনন্দন জানান। তিনি প্রাণিস্বাস্থ্য খাতে আঞ্চলিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. স্কট নিউম্যান তাঁর বক্তব্যে সার্ক সিভিও ফোরামকে দক্ষিণ এশিয়ার প্রাণিস্বাস্থ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কারিগরি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রাণিস্বাস্থ্য খাতে এটি সার্কের অন্যতম সফল ও কার্যকর উদ্যোগ।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ শ্রীলঙ্কাকে সভা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সদস্যদেশগুলোর প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের স্বাগত জানান। তিনি সার্ক কৃষি কেন্দ্রের চলমান কার্যক্রম এবং সদস্যরাষ্ট্রগুলোর প্রতি কেন্দ্রটির অঙ্গীকারের বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির চেয়ারম্যান এবং শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ড. এস. কুরুগালা ধন্যবাদ জ্ঞাপন করেন।

দুই দিনব্যাপী এ সভায় প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, সীমান্তবর্তী রোগ নিয়ন্ত্রণ, ভেটেরিনারি সেবার মানোন্নয়ন এবং সদস্যদেশগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিভিন্ন কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে।
 
এএইচ/ক.ম