নিজস্ব প্রতিবেদক
১১ মে ২০২৬, ০৮:৫১ এএম
বিশ্বজুড়ে নগরজীবনের সঙ্গে পাল্লা দিয়ে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বাড়ছে বায়ুদূষণ, আর এর চাপ ক্রমেই তীব্র হচ্ছে জনবহুল শহরগুলোতে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।
সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১৬ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ১৫৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এছাড়া ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৪৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা দেশটির আরেক শহর কলকাতার স্কোর ১১৬।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/এএস