নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। যানজটের চিরচেনা চাপ নেই, সড়কে গাড়ির উপস্থিতিও কম। তবুও বিশ্বের অন্যান্য শহরের তুলনায় বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের সূচকে শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থান আইকিউএআইআরের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
আরও পড়ুন: বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ১৮৮, যা সব শ্রেণির মানুষের জন্যই অস্বাস্থ্যকর বলে বিবেচিত।
একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বেইজিং, যেখানে একিউআই স্কোর ১৭৮। তৃতীয় স্থানে থাকা উহানের স্কোর ১৫৪, চতুর্থ স্থানে কাম্পালার ১৫৩ এবং পঞ্চম স্থানে বাগদাদের স্কোর ১৪৮।
বাতাসের গুণমান সূচক বা একিউআইয়ের মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করা হয়। এই সূচকের ভিত্তিতে নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান তুলে ধরা হয়। সংশ্লিষ্ট পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস হিসেবে কাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উচ্চমাত্রার বায়ুদূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ায়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
এম/এমআই