images

কৃষি ও পরিবেশ

পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ তথ্য উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম

দায়িত্বশীল আচারণের অভাবে দেশের পর্যটন শিল্পের অপার সম্ভবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পর্যটনের অপার সম্ভাবনা থাকার পরও আমরা এখানে ভালো করতে পারি নাই। এজন্য দরকার দায়িত্বশীল আচরণ। এটা আমরা যারা পর্যটক তাদের যেমন দরকার, একইসঙ্গে যারা পর্যটন ব‍্যবসা করছেন তাদেরও দায়িত্বশীল হতে হবে। 

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দি বাংলাদেশ মনিটর ও গ্রালাক্সি গ্রুপের যৌথ আয়োজনে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা এসব বলেন।  তিনি অভিযোগ করেন, সেন্টমার্টিন নিয়ে অপপ্রচারে পর্যটন সংশ্লিষ্টা নিশ্চুপ ছিলেন।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন নিয়ে যত অপপ্রচার হয়েছে সেসময় যদি আপনারা পর্যটন খাতের উদ‍্যোক্তারা কথা বলতেন তবে এত শোরগোল হতো না। আমরা সোনার ডিম পাড়া হাঁস থেকে একবারে সব ডিম পেতে চাই। একই ঘটনা সিলেটের সাদা পাথর এবং হাওরেও ঘটেছে। 
 
দেশের ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি খাতে বিশেষ অবদানের জন্য ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।  ২৯টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিষ্ঠান ও আটজন ব্যক্তি এবার সম্মাননা পান। 

আয়োজকরা জানান, বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ডের মূল লক্ষ্য হলো দেশের পর্যটনখাতের অংশীজনদের সেবামান ও পেশাদারিত্ব উন্নয়নে অনুপ্রাণিত করা।  এ বছর দেশের আতিথেয়তা খাতে পাঁচ দশকের বেশি সময় ধরে অসামান্য অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান পাটা বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান শহীদ হামিদ।  এ সময় গ্যালাক্সি বাংলাদেশের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ১৫০টিরও বেশি মনোনয়ন থেকে জুরি বোর্ড ২৭টি প্রতিষ্ঠান ও ৮জনকে এবারের জন্য সেরা নির্বাচন করেছেন।

সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা, পেনিনসুলা চট্টগ্রাম, প‍্যনা প‍্যাসিফিক সোনারগাঁও হোটেল, গ্র‍্যান্ড প‍্যালেস হোটেল এন্ড রিসোর্ট রংপুর, হোটেল গ্র‍্যান্ড পার্ক বরিশাল, ওয়ান প‍্যারাডাইস হোটেল কক্সবাজার, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা কক্সবাজার, সাইমন বিচ রিসোর্ট কক্সবাজার, হোটেল সারিনা, দুসাই রিসোর্ট, হোটেল সারিনা।

টিএই/ক.ম