জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম
আশ্বিনের আকাশে আজ তেমন রোদের দেখা নাও মিলতে পারে। তবে আবহাওয়া অফিস বলছে, সারাদেশে হালকা মেঘ থাকবে। ঢাকাসহ কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে। এই পরিমাণ এলাকাভেদে কম বেশিও হতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১০ অক্টোবর) আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্যদিকে, রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। এই বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে শরতের পরিচিত আমেজ আপাতত পাওয়া যাচ্ছে না।
সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। ঢাকায় সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেলা সাড়ে ১১টা নাগাদ বিভিন্ন অঞ্চলে শুরু হয় বৃষ্টি। কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন এইভাবে নানা অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা বৃহস্পতিবার সকালের ভোগান্তির কারণ ছিল।
এমআইকে/এফএ