নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
আজিমপুর কলোনির দক্ষিণ অংশে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনায় প্রায় দুই হাজার গাছ কেটে ফেলার প্রতিবাদে গ্রীন ভয়েসের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) মানববন্ধনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের গ্রীন ভয়েসের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মসূচিতে সঞ্চালক ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ফাহমিদা নাজনীন। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েসের সদস্য সচিব জহির রায়হান বলেন, ‘যখন ঢাকার বাতাস দিনে দিনে দূষিত হচ্ছে, বায়ুর তাপমাত্রা বাড়ছে—তখন গাছ কেটে ভবন নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল করতে হবে। নতুবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস সদস্য সজিব খান বলেন, ‘শহরে টিকে থাকতে হলে গাছ রক্ষার বিকল্প নেই। তাই গাছ কেটে ভবন নির্মাণ কোনোভাবেই চলবে না।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস ছাত্র উপদেষ্টা আহসান হাবিব বলেন, ‘প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন কখনো টেকসই হয় না। পৃথিবীতে বাস করতে হলে অবশ্যই প্রকৃতির যত্ন নিতে হবে।’
বহ্নিশিখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সায়মা হোসেন বলেন, ‘উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষা অন্তর্ভুক্ত না হলে শহর কখনো মানুষের জন্য বাসযোগ্য হবে না।’
ইডেন কলেজ শাখার অন্যতম সংগঠক নুসরাত ইমরোজ তিষা বলেন, ‘আজিমপুর এলাকা এমনিতেই গিঞ্জি নগরিতে পরিণত হয়েছে। শত শত বৃক্ষ কেটে দালানকোঠা বাড়ানো হচ্ছে। এতে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যদি আবারও গাছ কাটা হয় তবে এই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।’
কর্মসূচিতে অংশ নিয়ে আরও বক্তব্য দেন ইডেন কলেজের শিক্ষার্থী প্রতিভা মোস্তফা প্রাপ্তি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী রোহিত, সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের শিক্ষার্থী জুয়েল রানা ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী শাহরিয়ার কবির হৃদয় প্রমুখ।
এমআর/ক.ম/