শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

পশুরোগ মোকাবিলায় যৌথ প্রস্তুতি বাড়াতে একমত সার্কভুক্ত দেশগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

পশুরোগ মোকাবিলায় যৌথ প্রস্তুতি বাড়াতে একমত সার্কভুক্ত দেশগুলো

দক্ষিণ এশিয়ায় পশুরোগ নজরদারি, রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি এবং ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে সার্কভুক্ত দেশগুলো। এই লক্ষ্যে একটি সুপারিশমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরামের (এসএলডিএফ) ষষ্ঠ সভায় সার্কভুক্ত দেশগুলোর ভেটেরিনারি ল্যাবরেটরির পরিচালক, বিশেষজ্ঞ ও কারিগরি কর্মকর্তারা এসব বিষয়ে মতৈক্যে পৌঁছান। এই সভার আয়োজন করেছে সার্ক সচিবালয় এবং শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রাণিসম্পদ উৎপাদন ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. বি এস এস পেরেরা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থা অপরিহার্য। উদীয়মান ও সীমান্ত অতিক্রমকারী পশুরোগ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।

সার্ক কৃষি কেন্দ্রের (এসএসি) সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী বলেন, সার্ক ল্যাবরেটরি ডিরেক্টরস ফোরাম সদস্য দেশগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং আঞ্চলিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

তিনি রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা জোরদার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক সচিবালয়ের কৃষি, গ্রামীণ উন্নয়ন ও সার্ক ডেভেলপমেন্ট ফান্ড বিভাগের পরিচালক তানভীর আহমেদ তরফদার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো অভিন্ন প্রাণিসম্পদজনিত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং শক্তিশালী ল্যাবরেটরি নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফোরামের চেয়ারম্যান ও নেপালের প্রতিনিধি ড. বরুণ শর্মা সদস্য দেশগুলোর জাতীয় ল্যাবরেটরিগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি রোগ নির্ণয় সক্ষমতা, জৈবঝুঁকি ব্যবস্থাপনা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় পূর্ববর্তী এসএলডিএফ ও সার্ক চিফ ভেটেরিনারি অফিসার্স ফোরামের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ল্যাবরেটরি পরিচালকদের সক্ষমতা উন্নয়ন, নেটওয়ার্কিং কাঠামো, আঞ্চলিক কারিগরি উপদেষ্টা গ্রুপের কার্যপরিধি, সদস্য দেশগুলোর ল্যাবরেটরি সক্ষমতা, রোগ নির্ণয়, গুণগত মান নিশ্চিতকরণ এবং জৈবঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে দেশভিত্তিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া দক্ষিণ এশিয়ায় ভেটেরিনারি ল্যাবরেটরি ব্যবস্থার উন্নয়ন, উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা, রোগ নির্ণয়ের মানদণ্ডের সামঞ্জস্যতা, সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা ও খাদ্য ও কৃষি সংস্থার সঙ্গে অংশীদারত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

দিনব্যাপী আলোচনা শেষে আঞ্চলিক ভেটেরিনারি ল্যাবরেটরি সহযোগিতা আরও জোরদার এবং পশুরোগ মোকাবিলায় সদস্য দেশগুলোর প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুপারিশমালা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর