সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সকালে বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা। গতকাল বৃহস্পতিবার সামান্য হলেও রাজধানীতে বৃষ্টি হয়েছে। আগের দুই দিন ভারী বৃষ্টি ছিল। আবার এই মে মাসের শেষ দিকে সাধারণত দূষণ কমে আসে। কিন্তু এ মাসে প্রতিদিন বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে প্রথম দিকেই থাকছে এই মেগাসিটি।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১২৭। বায়ুর এ মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বিজ্ঞাপন
তালিকার শীর্ষে রয়েছে চিলির শান্তিয়াগো। এই শহরের বায়ুমানের স্কোর ১৫৮। তার পরেই অবস্থান করছে সৌদি আরবের রিয়াদ। শহরটির বায়ুমানের স্কোর ১৫৪। দুটি শহরের বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
অষ্টম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১২৯। আর ১২৭ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর কলকাতার। আর ৫৮ স্কোর নিয়ে ভারতের মুম্বাইয়ের অবস্থান ৩৮।
এ ছাড়া ১৪১ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৩৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উগান্ডার কামপালা, ১৩৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে চীনের হাংজু, ১৩২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে নেপালের কাঠমান্ডু আর ১২৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চীনের চেংডু। এসব শহরের বায়ুমানের স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/এএস




