২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য শিক্ষকদের eTIF তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বুধবার (২ সেপ্টেম্বর) এ–সংক্রান্ত চিঠি আলিম ও দাখিল স্তরের সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডেটাবেইস তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানের eTIF সংশোধন করতে হবে।
এ জন্য যেসব শিক্ষক অবসর নিয়েছেন, মারা গেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন, বোর্ড থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন অথবা প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তাঁদের নাম eTIF থেকে বাদ দিতে বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, eTIF সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক বা পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। বোর্ড থেকে eTIF সংশোধনের কোনো সুযোগ নেই।
এ ছাড়া যেসব শিক্ষক এখনো eTIF-এ অন্তর্ভুক্ত হননি, তাঁদের তথ্য জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
২০২৭ সালের দাখিল ও আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে eTIF সংশোধন ও হালনাগাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এম/এআর




