আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে ‘মেয়েদের শিক্ষার প্রতিবন্ধকতা দূরীকরণ’ বিষয়ে এক বিশেষ অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) মালালা ফান্ডের অর্থায়নে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে পরিচালিত ‘অদম্য (ODOMMO)’ প্রকল্পের আওতায় এই সংবাদ সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে এবং সামাজিক বৈষম্য দূরীকরণে নতুন কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান জানান। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত সংকট নয়, এটি সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন যা সরাসরি মেয়েদের শিক্ষার সুযোগকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে দুর্যোগকালীন অর্থনৈতিক চাপে শিশুবিবাহ ও স্কুল থেকে ঝরে পড়ার ঝুঁকি বাড়ে।
বিজ্ঞাপন
আলোচনায় উঠে আসা মূল বিষয়সমূহ:
সমন্বিত উদ্যোগ: জলবায়ু অভিযোজন কৌশল, শিক্ষা নীতি এবং জেন্ডার সমতার লক্ষ্যগুলোকে একীভূত করার ওপর জোর দেওয়া হয়।
জাগো ফাউন্ডেশনের ‘অদম্য’ প্রকল্পের সাফল্য: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পরিচালিত এই প্রকল্পের ফলে গত তিন বছরে মেয়েদের স্কুলে ভর্তির হার ২০ শতাংশ বেড়েছে।
বিজ্ঞাপন
ঝরে পড়ার হার হ্রাস: সচেতনতামূলক কার্যক্রমের ফলে হাজী তাইয়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ঝরে পড়ার হার এখন শূন্য। এছাড়া ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে এই হার ৬১ শতাংশ কমেছে।
সচেতনতা বৃদ্ধি: প্রকল্প এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ৪৪ শতাংশ এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় সচেতনতা ২৪ শতাংশ বেড়েছে।
অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিসহ শিক্ষা বিশেষজ্ঞ ও এডুকেশন চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ‘অদম্য’ প্রকল্পের এই অভিজ্ঞতা দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও নারী শিক্ষা নিশ্চিত করতে একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।
এজেড
