সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

ঢাবিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক কর্তৃক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে বলা হয়, ৩০ নভেম্বর দৈনিক সমকাল ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম কর্তৃক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনা ঘটেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ছাত্রী হল বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য বিভাগের অফিসকক্ষের সামনে গেলে ওই শিক্ষক তাকে তার নিজ কক্ষে ডাকেন। কক্ষে গেলে তিনি প্রয়োজনীয় দু-একটি কথা বলার পরপরই অপ্রাসঙ্গিক কথা বলা শুরু করে। শিক্ষার্থীর বাবা নেই বলে তিনি নানারকম সাহায্যের প্রলোভন দেখান এবং একা তার সাথে দেখা করে বই নিতে বলেন। এরপর মুঠোফোনে নম্বর নিয়ে মেসেঞ্জারে যুক্ত হতে বলেন। শিক্ষকের কথার ধরণ ও অঙ্গভঙ্গি অস্বাভাবিক মনে হলে ওই শিক্ষার্থী তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। শিক্ষক তখন নিজের আসন ছেড়ে ওঠে আসে এবং ছাত্রীর গায়ে হাত দেয়।

 

>> আরও পড়ুন:
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার চান ঢাবি শিক্ষার্থীরা

 

 

নির্যাতনের শিকার ছাত্রী ভয়ে তার রুম থেকে বের হয়ে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে যায়। এরপর কিছু সময় অবস্থানের পর আবারো তাকে ফোন দিয়ে চা-নাস্তা খাওয়ার প্রস্তাব দেয়। নির্যাতনের শিকার শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ায় গ্রামের বাড়িতে চলে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দ্বারা শিক্ষার্থীদের ওপর যৌন হয়রানির ঘটনা ঘটেই চলেছে। এই ঘটনায় একদিকে যেমন নির্যাতনের শিকার ছাত্রীর মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। যৌন হয়রানির ঘটনাগুলো নির্যাতনের শিকার শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

 

 

 

এতে আরও বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ যৌন হয়রানির ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগী ছাত্রীসহ সকল শিক্ষার্থীদের লেখাপড়া ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে। 

একইসঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ শিক্ষা মন্ত্রণালয়ের নিকট জোর দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ।

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর