নওগাঁর বদলগাছী উপজেলার গয়েশপুর বাঁশপাড়া গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূর মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (২৮ আগস্ট) মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট দেশের বিভিন্ন জাতীয় দৈনিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর গৃহবধূকে নির্যাতন করা হয়েছে। তার বাড়িতে স্থানীয় প্রভাবশালী মাতব্বর বিমল পাহান ও সুভাষ পাহানের নির্দেশে গ্রামের লোকজনের সামনে পুরোহিতকে ডেকে এনে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার শিকার গৃহবধূ দুই সন্তানের মাকে পার্শ্ববর্তী সোনারপাড়া গ্রামের কমল হোসেন নামের বিবাহিত এক যুবকের সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয় ইউপি সদস্য বাবুর উপস্থিতিতে তাদের বিচার করা হয়। ওই ঘটনার পর গৃহবধূ তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গত ২৬ আগস্ট গৃহবধূ তার বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে এলে ক্ষুব্ধ হন গ্রামের একাধিক মাতব্বর। এরপর গত ২৮ আগস্ট স্থানীয় প্রভাবশালী মাতব্বর বিমল পাহান ও সুভাষ পাহানের নেতৃত্বে গ্রামের লোকজনের সামনে পুরোহিতকে ডেকে এনে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেন। ঘটনার শিকার গৃহবধূকে তারা এখন ঘর থেকে বের হতে দিচ্ছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদ ঘটনার শিকার গৃহবধূকে বেআইনি সালিশের মাধ্যমে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে হয়রানির ঘটনায় নিন্দা ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। একইসঙ্গে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এছাড়া ঘটনার শিকার গৃহবধূ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানাচ্ছে।
সেইসাথে বেআইনি সালিশ বন্ধে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন বিষয়ে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে স্থানীয় সরকার, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। পাশাপাশি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
এমএইচ/জেবি




