দিনের আলো ফোটার আগেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। যা সকাল সোয়া ৬টা নাগাদও চলছে। নতুনবাজার, নর্দা, বসুন্ধরা, ভাটারা ও বাড্ডাসহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রপাত ও বিদ্যুতের ঝলকানি।
ভোর হওয়ায় এখনো সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম। যারা বের হয়েছেন, তাদের বেশির ভাগই বিভিন্ন যানবাহনে চলাচল করছেন। তবে দূরপাল্লার বাস থেকে ভোরে রাজধানীতে নামা যাত্রীদের বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ঢাকায় আজ বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানায় সরকারি সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ১৩ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এমআর




