বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

শেয়ার করুন:

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
প্রতীকী ছবি।

রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এর মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া অধিদফতরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর