প্রকৃতিতে এখন কোনো তাপপ্রবাহ নেই। অথচ, কমছে না গরমের অস্বস্তি। ভ্যাপসা গরমে সবাই ক্লান্ত। যেন তাপপ্রবাহই চলছে। সাধারণত বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে তাপমাত্রা তুলনামূলক কম হলেও ভ্যাপসা গরম বেশি অনুভূত হয়।
কিন্তু এই অস্বস্তিকর পরিবেশ আর কতদিন থাকবে? কবেই বা বিদায় নেবে এই ভ্যাপসা গরম?
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ভ্যাপসা গরমের সঙ্গে মানিয়ে নিয়েই চলতে হবে। কারণ প্রায় আরও ২ মাস এমন ভ্যাপসা গরম অনুভূত হবে। তারপরে আসতে পারে আরামদায়ক আবহাওয়া।

বেসরকারি আবহাওয়া গবেষণা ও সেবা প্রদানকারী সংস্থা- বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড বলছে, অক্টোবরের আগে ভ্যাপসা গরম বিদায় নেওয়ার সম্ভাবনা কম। কারণ মৌসুমি বায়ু ওই মাসের প্রথম/দ্বিতীয় সপ্তাহে বিদায় নিতে পারে।
সংস্থাটি আরও বলছে, বর্তমানে সূর্য ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে সরে যাচ্ছে। ফলে মৌসুমি বায়ু বিদায় ও সূর্যের আলোর তীব্রতা কমে আসলেই এই অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।
ওয়েদার অবজারভেশন টিমের ধারণা, অক্টোবরের আগেও যখন ভারী বৃষ্টি বা বৃষ্টি বলয় আসবে, তখন ভ্যাপসা গরম সাময়িক কমে যাবে। আবার বৃষ্টি বিরতি হলে তখন বাড়বে।
আরও পড়ুন:
আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সংস্থাটির ভাষ্য, বর্ষাকালে সূর্য আমাদের দেশে ঠিক খাড়াভাবে অবস্থান করে। ফলে আকাশ মেঘমুক্ত থাকলেই তাপমাত্রা দ্রুত বেড়ে যায়। ফলে যখন বৃষ্টি বিরতি থাকে তখন তীব্র রোদের উত্তাপ ও জলীয়বাষ্পের কারণে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।
কিন্তু জুন, জুলাই ও আগস্ট মাসে ঘনঘন বৃষ্টি হওয়ায় তাপমাত্রা সেভাবে বাড়তে পারে না বলেও সংস্থাটির আবহাওয়াবিদের অভিমত।
তবে সংস্থাটি এও বলছে, সেপ্টেম্বর মাসে দেশে বাকি ৩ মাসের তুলনায় বৃষ্টি কিছুটা কম হয়। এজন্য এই মাসে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকে আর বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বেশ গরম অনুভব হয় বৃষ্টি বিরতির সময়।
সংস্থাটির আবহাওয়াবিদরা বলছেন, ‘কাজেই ভ্যাপসা গরম আপাতত অক্টোবরের শেষ দিক ছাড়া সেভাবে কমবে না। এমনকি সেপ্টেম্বরে ভ্যাপসা গরম ও তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বৃষ্টি বিরতির সময়।’
তবে আসন্ন সেপ্টেম্বর মাসে বৃষ্টি বলয়ের পাশাপাশি দেশে ১/২ টি মৃদু তাপপ্রবাহ সক্রিয় হতে পারে বলে ধারণা করছেন তারা।
যদিও এই বৃষ্টি বলয় ও তাপপ্রবাহের বিষয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড বলছে, ‘এটা এখনো নিশ্চিত নয়। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এএম




