আগস্ট মাসজুড়ে আবহাওয়ায় থাকতে পারে বৈচিত্র্য। এ মাসে সাগরে লঘুচাপ সৃষ্ট একই সঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি একাধিক দিন বজ্রঝড় এবং বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এর ফলে দেশের প্রধান নদ-নদীর পানিসমতল বাড়ার পাশাপাশি উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে।
আগস্ট মাসের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক-দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশে ৫-৬ দিন বজ্রঝড় হতে পারে।
এতে আরও বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। দেশে ১-২ টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারী (৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫-৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ২ দশমিক ৫-৪ দশমিক ৫ ঘণ্টা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
এমএইচএইচ/এএইচ



