গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে অঝরে বৃষ্টি ঝরছে। টানা এই বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে, সেই সঙ্গে বেড়েছে যানজট। সবার মনেই এখন একটাই প্রশ্ন—এই বৃষ্টি থামবে কবে?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজমান।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা জানানো হয়েছে।

পরবর্তী কয়েকদিনের বৃষ্টির পূর্বাভাস
১২ জুলাই: ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
১৩ জুলাই: বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে। এ দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
১৪ জুলাই: এ দিন থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: বৃষ্টির দিনে মানুষের মন কেন রোমান্টিক হয়ে ওঠে?
১৫ ও ১৬ জুলাই: আগামী ১৫ ও ১৬ জুলাই সারা দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। ১৬ জুলাই নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি থামবে কবে?
সহসাই বৃষ্টি থামার কোনো সুখবর নেই। আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী, দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই এই সময়ে ঘর থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এজেড




