গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।
বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদফতরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এমআর




