বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

তীব্র বজ্রপাতের ঝুঁকি নিয়ে আসছে নতুন বৃষ্টি বলয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

তীব্র বজ্রপাতের ঝুঁকি নিয়ে আসছে নতুন বৃষ্টি বলয়
ফাইল ছবি

তীব্র বজ্রপাতের ঝুঁকি নিয়ে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ‘স্পার্ক’। আগামী ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এ বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সোমবার (১১ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনই ভয়ের বার্তা দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল-বিডব্লিউওটি।

সংস্থাটি বলছে, নতুন এ বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ৯ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে।

বিডব্লিউওটি আরও জানিয়েছে, ১২ বা ১৩ মে দেশের উত্তরাঞ্চল হয়ে এ বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর ১২ মে থেকে ২০ মে পর্যন্ত এটি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। একইসঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কার কথাও বলা হয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে- বিশেষ করে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে এ বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে। 

এর আগে গত মাসে বৃষ্টি বলয় ‘ঝুমুল’-এর প্রভাবে সারাদেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়। পাশাপাশি বিভিন্ন জেলায় বজ্রপাতে মারা যায় কয়েকজন। 

এদিকে সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। 

আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর