রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বৃষ্টির পর ফিরেছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

সারাদেশে বৃষ্টির পর ফিরেছে শীতের আমেজ
ঢাকায় বৃষ্টিস্নাত দিন। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পর আবার ফিরে এসেছে শীতের আমেজ। গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের পোশাক গুছিয়ে রেখেও আবার তা বের করে আনতে বাধ্য হয়েছেন মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আবার বাড়তে পারে।

আজ সোমবার (২৩ মার্চ) দেশের তিনটি বিভাগ-রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। রোববার কিছুটা বেড়েছিল তাপমাত্রা। আজ সোমবার তা আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, উত্তরাঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীর আকাশ পরিষ্কার থাকতে পারে। সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। তবে কখন যেন বৃষ্টি নেমে আসে, সেরকম আবহাওয়া বিরাজ করছে।

গত বৃহস্পতিবার দেশের অধিকাংশ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুক্রবার বৃষ্টি শুরু হতেই তাপমাত্রা কমে যায়। উদাহরণস্বরূপ, রাজধানীর তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে শনিবার নেমে আসে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার আবহাওয়া অধিদফতরের ৫১টি স্টেশনের অধিকাংশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ওইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে, ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশজুড়ে বিস্তৃত বৃষ্টিবলয়ের প্রভাবে বাংলাদেশে এ বৃষ্টিপাত হয়েছে। মার্চের শুরুতে এ ধরনের পরিস্থিতি খুব একটা দেখা যায় না। তবে বৃষ্টির এ ধারা কমতে শুরু করেছে। রোববার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়-১৬ মিলিমিটার। এর আগের দিন সেখানে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বৃষ্টির কারণে হঠাৎ তাপমাত্রা কমে শীতের আবহাওয়া ফিরে এলেও রোববার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে উত্তরের জেলাগুলোয় আগামী শনিবার আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর