চলতি মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা থাকলেও এ মাসে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে একই সঙ্গে শীতের বিদায় হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) একমাসের জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ ও আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন বজ্র বৃষ্টি/শিলাসহ বজ্র বৃষ্টি হতে পারে।
এ আবহাওয়াবিদ জানান, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার। গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘন্টা থাকতে পারে।
নদ-নদীর পূর্বাভাসে তিনি জানান, ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে পানির স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ

