বর্তমান সময়ে মানুষের প্রায় সব কাজই ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। স্মার্ট টেলিভিশন থেকে শুরু করে ল্যাপটপ ও মোবাইল পর্যন্ত ঘরের অধিকাংশ যন্ত্রেই ইন্টারনেট সংযোগ দেয় ওয়াইফাই রাউটার। রাতে ঘুমানোর আগে আমরা ঘরের বাতি, পাখা ও টেলিভিশন বন্ধ করলেও রাউটারের সুইচ বন্ধ করার কথা অনেক সময় মনে থাকে না।
অনেক বাড়িতেই একবার চালু করার পর মাসের পর মাস টানা রাউটার চলতে থাকে। অনেকের ধারণা, ছোট্ট এই যন্ত্রটি সামান্যই বিদ্যুৎ পোড়ায়, তাই এটি বন্ধ করার প্রয়োজন নেই। কিন্তু সারাক্ষণ রাউটার চালু রাখার এই অভ্যাস শুধু যন্ত্রটির ক্ষতিই করে না, বরং ইন্টারনেটের গতি এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে।
স্মার্টফোন বা ল্যাপটপের মতো ওয়াইফাই রাউটারও একটি ইলেকট্রনিক যন্ত্র, যার ভেতরে প্রসেসর, চিপসেট ও মেমোরির মতো বিভিন্ন যন্ত্রাংশ থাকে। সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস একটানা চলতে থাকলে ভেতরের অংশগুলো ধীরে ধীরে গরম হতে শুরু করে। অতিরিক্ত তাপে রাউটারের কর্মক্ষমতায় প্রভাব পড়ে এবং এতে ইন্টারনেটের গতিও কমে যেতে পারে।

ভালো ইন্টারনেট প্যাকেজ থাকার পরও অনেক সময় প্রত্যাশা অনুযায়ী গতি পাওয়া যায় না। দীর্ঘদিন একটানা চলার ফলে রাউটারের ক্যাশ মেমোরিতে তথ্য জমে যাওয়া এবং নেটওয়ার্ক সংক্রান্ত কিছু সমস্যা এর পেছনে কাজ করে। তাই প্রতি রাতে ঘুমানোর আগে ৬ থেকে ৭ ঘণ্টার জন্য রাউটার বন্ধ রাখলে যন্ত্রটি ঠান্ডা হওয়ার সময় পায় এবং সকালে আবার চালু করলে নতুন করে কাজ শুরু করে, ফলে নেটওয়ার্কের কিছু সাময়িক সমস্যাও দূর হয়।
আরও পড়ুন: পুরনো ল্যাপটপ বিক্রির আগে যে জরুরি কাজগুলো অবশ্যই করবেন
সারারাত ওয়াইফাই নেটওয়ার্ক চালু থাকলে সাইবার হামলার আশঙ্কাও থাকে। গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও ফোন বা ল্যাপটপ ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, আর সেই সুযোগে হ্যাকাররা নেটওয়ার্কে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। আশপাশের কেউ বা কোনো সাইবার অপরাধী পাসওয়ার্ড জেনে গেলে অজান্তেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে, এমনকি নেটওয়ার্ক ব্যবহার করে বেআইনি কাজও হতে পারে। এছাড়া রাতে ফোনের অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয় এবং সার্ভারে তথ্য পাঠায়, যা রাউটার বন্ধ রাখলে অফলাইন হয়ে যায়।
এক দিনে রাউটার খুব বেশি বিদ্যুৎ খরচ না করলেও সারা বছর ২৪ ঘণ্টা চালু থাকলে প্রতি মাসে কিছুটা বাড়তি বিদ্যুৎ খরচ হয়। বিশেষ করে রাতে ৭ থেকে ৮ ঘণ্টা যখন কেউ ইন্টারনেট ব্যবহার করেন না, তখন রাউটার চালু থাকলে অকারণে বিদ্যুৎ খরচ বাড়ে। পাশাপাশি রাতের দিকে ভোল্টেজের ওঠানামা, ঝড়বৃষ্টি বা বিদ্যুৎ বিভ্রাটে হঠাৎ উচ্চ ভোল্টেজ তৈরি হলে চালু থাকা রাউটারের অ্যাডাপ্টার বা মূল সার্কিট পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুরনো অ্যাডাপ্টার দীর্ঘক্ষণ গরম থাকলে তাতে স্পার্কিং বা শর্ট সার্কিটের ঝুঁকিও তৈরি হয়। তাই ঘুমানোর আগে রাউটার বন্ধ রাখা নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়, উভয় দিক থেকেই ভালো অভ্যাস হতে পারে।
এজেড




