স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মুঠোফোন সচল রাখতে হলে তাতে সিম কার্ড বসানো জরুরি। সিম কার্ড ছাড়া মুঠোফোন চালানো গেলেও নেটওয়ার্ক সেবা পাওয়া যায় না। অনেকেই নিয়মিত মুঠোফোনে সিম কার্ড লাগান বা খোলেন, কিন্তু সব প্রতিষ্ঠানের সিম কার্ডের একটি কোণা তির্যকভাবে কাটা থাকে কেন, তা নিয়ে হয়তো খুব কম মানুষই ভেবেছেন। এটি সাধারণ কোনো নকশা নয়, এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও ব্যবহারিক কারণ।
শুরুর দিকে মুঠোফোন ও সিম কার্ড তৈরির সময় এগুলোর কোণা আজকের মতো কাটা থাকত না। তখনকার সিম কার্ডগুলো ছিল পুরোপুরি চারকোনা। চারটি কোণা একই রকম হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা বুঝতে পারতেন না, কোন দিক দিয়ে সিম কার্ডটি মুঠোফোনে ঢোকাতে হবে।

সিম কার্ড সম্পূর্ণ চারকোনা হওয়ায় অনেকেই সেটি উল্টা বা ভুল দিকে বসিয়ে দিতেন। এর ফলে মুঠোফোনে নেটওয়ার্কের সমস্যা দেখা দিত। পাশাপাশি অনেক সময় সিম কার্ডের সংবেদনশীল ধাতব চিপও নষ্ট হয়ে যেত।
আরও পড়ুন: ফোনে দ্রুত চার্জ দিতে চাইলে এই কাজটি করুন
ব্যবহারকারীদের এই প্রতিদিনের ভোগান্তি কমাতে প্রকৌশলী ও যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সিম কার্ডের নকশায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়। তখন সিম কার্ডের একটি কোণা তির্যকভাবে কেটে দেওয়া হয়, যাতে মুঠোফোনের সিম স্লটের নির্দিষ্ট অংশের সঙ্গে মিলিয়ে সহজেই সঠিক দিকে কার্ডটি বসানো যায়।

সিম কার্ডের এই কাটা কোণাটি মূলত একটি দিকনির্দেশক হিসেবে কাজ করে। ফলে আলাদা কোনো কারিগরি ধারণা ছাড়াই সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন, কোন দিক থেকে সিম কার্ডটি মুঠোফোনে ঢোকাতে হবে।
এছাড়া এই নকশা সিম কার্ডের ধাতব চিপকে সুরক্ষিত রাখতেও সহায়তা করে। ভুলভাবে সিম কার্ড ঢোকানোর কারণে চিপ নষ্ট হওয়ার আশঙ্কা কমে যায় এবং ফোনের ভেতরে শর্ট সার্কিটের ঝুঁকিও এড়ানো সম্ভব হয়। সব মিলিয়ে সিম কার্ডের একটি কোণা কাটা থাকার পেছনে রয়েছে সুস্পষ্ট কারিগরি যুক্তি।
এজেড




