ফিনল্যান্ডের মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল বাজারে এনেছে তাদের নতুন ফিচার ফোন 'নকিয়া ২৩৬০ ফ্লিপ'। পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের ব্যবহারের কথা মাথায় রেখে বিশেষ প্রযুক্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে ফোনটি তৈরি করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে 'ফ্যামিলি অ্যাসিস্ট' নামের একটি বিশেষ সুবিধা, যার সাহায্যে পরিবারের অন্য সদস্যরা দূরে বসেই নিজেদের অ্যানড্রয়েড বা আইফোনের মাধ্যমে এই ফোনটির সেটিংস ও কন্ট্যাক্ট তালিকা পরিচালনা করতে পারবেন। এতে কোনো মোবাইল ডাটা প্ল্যানের প্রয়োজন হবে না, সাধারণ এসএমএস বার্তা যোগাযোগের মাধ্যমেই অ্যাপের সাথে এটি সংযুক্ত থাকবে।
আরও পড়ুন: সাধারণ মানুষের জন্য কম দামে ফোল্ডিং ফোন আনছে স্যামসাং
ফোনটিতে রয়েছে ২.৮ ইঞ্চির প্রধান ডিসপ্লে এবং বাইরের অংশে রয়েছে ১.৭৭ ইঞ্চির দ্বিতীয় ডিসপ্লে। এতে ৪ মেগাবাইট র্যাম ও ৪ মেগাবাইট অভ্যন্তরীণ মেমোরি দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ছবি তোলার জন্য ফ্ল্যাশসহ কিউভিজিএ পেছনের ক্যামেরা রাখা হয়েছে। যোগাযোগের জন্য দুই সিম ব্যবহারের সুযোগ, ইউএসবি টাইপ-সি পোর্ট, হেডফোন জ্যাক এবং এফএম রেডিওর ব্যবস্থা রয়েছে। ফোনটি বিশেষভাবে কেবল ২জি জিএসএম নেটওয়ার্কে কাজ করবে, অর্থাৎ এতে ৪জি সংযোগ পাওয়া যাবে না।

নিরাপত্তার সুবিধার্থে ফোনটিতে একটি আলাদা এসওএস বাটন রাখা হয়েছে। বাটনটি তিন সেকেন্ড চেপে ধরে রাখলে আগে থেকে নির্ধারণ করে রাখা নম্বরে কল চলে যাবে এবং একই সাথে ৫টি জরুরি নম্বরে বার্তা পৌঁছে যাবে। এছাড়া শিশুদের অতিরিক্ত ফোন ব্যবহার নিয়ন্ত্রণে এতে রয়েছে 'স্কুল মোড'। এটি চালু থাকলে ফোনে কেবল সময় দেখা যাবে এবং জরুরি কল করা যাবে। এমনকি অভিভাবকরা চাইলে ক্যামেরা কিংবা গেমের মতো ফিচার ব্লক করে রাখতে পারবেন এবং অনুমোদিত নির্দিষ্ট নম্বর ছাড়া অন্য কোথাও কল বা বার্তা পাঠানোর সুযোগ বন্ধ রাখতে পারবেন।

নকিয়া ২৩৬০ ফ্লিপ ফোনে ব্যবহার করা হয়েছে ১,৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের পরিবর্তনযোগ্য ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ফোনটি একবার চার্জে ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ২৭.৫ ঘণ্টা পর্যন্ত কথা বলার সময় দেবে। ফোনটি চারকোল, বারগন্ডি রেড এবং টিল—এই তিনটি চমৎকার রঙে বাজারে আনা হয়েছে। এইচএমডি এখনও ফোনটির সুনির্দিষ্ট দাম প্রকাশ করেনি, তবে দ্রুতই তাদের ওয়েবসাইটে ফোনটির বিক্রয়মূল্য ঘোষণা করা হবে।
এজেড




