সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও নাম ব্যবহার করে অন্য কারও নামে অ্যাকাউন্ট খোলার প্রবণতা দিন দিন বাড়ছে। অনেকেই অন্যের পরিচয় নকল করে ভুয়া অ্যাকাউন্ট খুলে বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। অনেক সময় এসব ভুয়া প্রোফাইলের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয়, ভুল তথ্য ছড়ানো হয় কিংবা টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। অন্যের পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইনের সম্পূর্ণ পরিপন্থী। কেউ যদি আপনার ছবি, নাম বা অন্যান্য ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকে, তবে খুব সহজেই ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যায়।
ইনস্টাগ্রামে এমন ভুয়া প্রোফাইল চিহ্নিত করতে প্রথমে সেই অ্যাকাউন্টের নাম, ছবি, বায়ো এবং অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই করুন। কোনো অ্যাকাউন্ট যদি আপনার পরিচয় দিয়ে বন্ধু বা পরিবারের সদস্যদের মেসেজ করে টাকা, ওটিপি বা ব্যক্তিগত তথ্য চায়, তবে সঙ্গে সঙ্গে সতর্ক হোন। এমন পরিস্থিতিতে ওই প্রোফাইল, পোস্ট ও মেসেজের স্ক্রিনশট এবং অ্যাকাউন্টের লিঙ্ক সংরক্ষণ করে রাখুন।
আরও পড়ুন: ২০২৭ সালের শুরুতেই হোয়াটসঅ্যাপে আসছে কড়া নিয়ম
ইনস্টাগ্রামে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য প্রথমে সংশ্লিষ্ট প্রোফাইলে যেতে হবে। এরপর ওপরের ডানকোণায় থাকা তিনটি ডটে ট্যাপ করে 'রিপোর্ট' অপশনে গিয়ে 'রিপোর্ট অ্যাকাউন্ট' নির্বাচন করতে হবে। সেখানে 'এটি অন্য কারও পরিচয়ের ভান করছে' অপশনটি বেছে নিয়ে স্ক্রিনের নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা দিতে হবে।

আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাও থাকে, তবুও ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রামের অফিশিয়াল রিপোর্টিং ফর্ম ব্যবহার করে অভিযোগ জানানো সম্ভব। পরিচয় যাচাইয়ের জন্য এ ক্ষেত্রে আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি পরিচয়পত্র জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিতে ইনস্টাগ্রামের সাধারণত কয়েক দিন সময় লাগে।
অভিযোগ জানানোর পরও যদি ভুয়া অ্যাকাউন্টটি না সরানো হয়, তবে অ্যাপ ও ওয়েবসাইট—উভয় মাধ্যম থেকেই আবারও রিপোর্ট করা যেতে পারে। এ ছাড়া ইনস্টাগ্রামের হেল্প সেন্টারের সাহায্য নেওয়া যায় কিংবা এক্স (সাবেক টুইটার) ও থ্রেডস প্ল্যাটফর্মে @Instagram বা @Creators-কে ট্যাগ করে সমস্যার কথা জানানো যেতে পারে। অ্যাকাউন্ট ভেরিফায়েড বা বিজনেস অ্যাকাউন্ট হলে মেটা বিজনেস স্যুটের মাধ্যমে সরাসরি সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করার সুযোগও রয়েছে।
এজেড




