বিশ্বের ৭০ শতাংশেরও বেশি ওয়েবসাইটের মূল ভিত্তি বা প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’-তে সম্প্রতি এক দশক ধরে লুকিয়ে থাকা মারাত্মক কিছু নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে ধরা পড়া এই ত্রুটির ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগ ও ডিজিটাল সেবায় ব্যাপক সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, যা সামাল দিতে বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
পিএইচপি কী?
পিএইচপি মূলত সার্ভার-সাইড স্ক্রিপ্টিং-এর জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট প্রি-প্রসেসর। সাধারণ ব্যবহারকারীরা সরাসরি না দেখলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যাকএন্ডে বা নেপথ্যে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। উইকিপিডিয়া, বিশ্বজুড়ে অনলাইন শপিং প্ল্যাটফর্ম এবং ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় সিএমএসসহ কোটি কোটি ওয়েবসাইট পিএইচপির ওপর ভিত্তি করে নির্মিত। সার্ভারে তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে ব্যবহারকারীর সামনে প্রদর্শন করার মূল কাজটি সম্পন্ন করে এই ভাষাটি।

পিএইচপি কীভাবে বিশ্বজুড়ে ওয়েবসাইট হ্যাকিংয়ের শঙ্কা বাড়িয়েছে?
চলতি সপ্তাহে সাইবার নিরাপত্তা সংস্থা উইজ এবং ক্যালিফ-এর গবেষকেরা এআই প্রযুক্তির সহায়তায় পিএইচপির মূল কোডে গত এক দশক ধরে থাকা মারাত্মক নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন। হ্যাকাররা এই ত্রুটি কাজে লাগিয়ে কোনো প্রকার পাসওয়ার্ড বা ইউজার ভেরিফিকেশন ছাড়াই সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। নিরাপত্তা সংস্থা উইজের মতে, এটি এআই দ্বারা শনাক্ত সর্বকালের সবচেয়ে মারাত্মক সাইবার ঝুঁকি, যা ইন্টারনেটের বড় একটি অংশকে সরাসরি বিপদের মুখে ফেলেছে।
ঝুঁকি এড়াতে করণীয়
এই মহাঝুঁকি প্রকাশের পর বিশ্বের প্রধান প্রধান সাইবার নিরাপত্তা সংস্থা এবং রাষ্ট্রপ্রধানেরা জরুরি নির্দেশনা জারি করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা অবিলম্বে পিএইচপির ইমার্জেন্সি আপডেট বা প্যাচ ইনস্টল করার এবং দ্রুত আপডেট দেওয়া সম্ভব না হলে সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উইকিমিডিয়া, ফিনল্যান্ড সরকার, যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকসহ বহু প্রতিষ্ঠান তাদের সার্ভিস ও ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইন রেখেছে।

উন্নত এআই টুল এবং অ্যালগরিদম ব্যবহার করে গবেষকেরা কোটি কোটি লাইনের জটিল কোড দ্রুত বিশ্লেষণ করে এই ত্রুটি খুঁজে বের করেছেন। ফলে মানব বিশেষজ্ঞদের নজর এড়িয়ে বছরের পর বছর লুকিয়ে থাকা দুর্বলতা মুহূর্তেই প্রকাশ্যে আসে। ওপেনএআই জানিয়েছে, এআই যেমন বহু বছর ধরে লুকিয়ে থাকা নিরাপত্তা সমস্যা দ্রুত বের করতে পারে, তেমনি একই প্রযুক্তি আক্রমণকারীদেরও দ্রুত হামলার সরঞ্জাম তৈরিতে সহায়তা করতে পারে।
ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটরদের করণীয়
ওয়েবসাইট সুরক্ষিত রাখতে পিএইচপির সর্বশেষ সংস্করণ বা সিকিউরিটি প্যাচ ইনস্টল করা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু ওয়ার্ডপ্রেসের প্লাগইন আপডেট করলেই এই সমস্যার সমাধান হবে না, বরং মূল সার্ভারে পিএইচপি আপডেট করতে হবে। সাধারণ ব্যবহারকারীদের সরাসরি আতঙ্কিত হওয়ার কিছু না থাকলেও, কোনো সেবা প্রতিষ্ঠান পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ পাঠালে তা সতর্কতার সঙ্গে অনুসরণ করতে বলা হয়েছে।
এজেড




