শীতকাল কড়া নাড়তেই বেশিরভাগ পরিবারে এসি (AC) ব্যবহার একরকম বন্ধ হয়ে যায়। কিন্তু শীতের শুরুতেই সঠিকভাবে এসি পরিষ্কার ও প্যাক করে না ফেলে রাখলে পরবর্তী গ্রীষ্মের আগে বড় ধরনের বিপত্তি ঘটতে পারে। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার ফলে এসিতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মানো, দুর্গন্ধ তৈরি হওয়া, কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যাওয়া এবং বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয়। তাই শীতের পুরো মরসুমের জন্য এসি বন্ধ করার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কাজ সেরে নেওয়া জরুরি।
প্রথমত, এয়ার ফিল্টার এবং কয়েল ভালোভাবে পরিষ্কার করতে হবে। পুরো গরমের মৌসুমে এসির এয়ার ফিল্টার এবং কয়েলে প্রচুর ধুলোবালি ও জীবাণু জমে থাকে। সেগুলো পরিষ্কার না করে এসি বন্ধ করে রাখলে শীতের আর্দ্রতায় ছত্রাক ও বিশ্রী দুর্গন্ধের সৃষ্টি হয়। কাজটি করার জন্য প্রথমে এসির মেইন পাওয়ার প্লাগ খুলে নিতে হবে। এরপর ইনডোর ইউনিটের ফিল্টারগুলো বের করে হালকা সাবান পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে আবার নির্দিষ্ট স্থানে বসাতে হবে। কয়েলে জমে থাকা ধুলা নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করার পাশাপাশি আউটডোর ইউনিট থেকে ধুলাবালি ও জমা পাতা সরিয়ে ফেলতে হবে।
আরও পড়ুন: হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?
দ্বিতীয়ত, এসি পুরোপুরি বন্ধ করার আগে তা 'ড্রাই মোড'-এ চালিয়ে ভেতরের আর্দ্রতা দূর করতে হবে। এসির ভেতরে জমা হয়ে থাকা পানি বা আর্দ্রতা হলো মেশিন নষ্ট হওয়ার প্রধান কারণ, যা থেকে ভেতরে মরিচা পড়ে এবং দুর্গন্ধ তৈরি হয়। এসি পুরোপুরি বন্ধ করার আগে ২ থেকে ৩ ঘণ্টার জন্য তা ড্রাই মোডে চালিয়ে রাখলে ভেতরের সমস্ত আর্দ্রতা শুকিয়ে যাবে। এছাড়া ড্রেন পাইপ ও ড্রিপ ট্রের অবশিষ্ট পানি পুরোপুরি বের করে দিতে হবে।
তৃতীয়ত, পরিষ্কার ও শুকানোর প্রক্রিয়া শেষ হলে সুরক্ষার স্বার্থে কিছু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এসি বন্ধ করার পর এর মেইন সুইচ বা এমসিবি বন্ধ করে প্লাগ খুলে রাখতে হবে, যাতে ভোল্টেজের ওঠানামা বা শর্ট সার্কিটের কোনো ঝুঁকি না থাকে। আউটডোর ইউনিট কোনো সুতি বা হাওয়া চলাচল করতে পারে এমন বিশেষ এসি কভার দিয়ে ঢেকে দিতে হবে; ভুলেও প্লাস্টিক ব্যবহার করা যাবে না, কারণ প্লাস্টিক ভেতরে ভেজা ভাব ধরে রাখে। এছাড়া এসি রিমোট থেকে ব্যাটারি খুলে আলাদা রেখে দেওয়া উচিত, কারণ দীর্ঘদিন ব্যাটারি রিমোটের ভেতরে থাকলে তা লিক হয়ে রিমোট নষ্ট হয়ে যেতে পারে। শীতের শুরুতে সামান্য এই যত্ন পরবর্তী গরমের দিনে মেকানিক ডাকার খরচ বাঁচাবে এবং আপনার এসিকে রাখবে একদম নতুন ও কার্যকর।
এজেড




