সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এআইয়ের গতি নিয়ে উদ্বেগে গুগল ডিপমাইন্ড ইঞ্জিনিয়ারের পদত্যাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

শেয়ার করুন:

এআই-এর অপ্রতিরোধ্য গতি: উদ্বেগ প্রকাশ করে গুগল ডিপমাইন্ড ছাড়লেন প্রকৌশলী
কৃত্রিম সুপারইন্টেলিজেন্স বা এএসআই-এর কারণে মানবসভ্যতার ধ্বংসের আশঙ্কা রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর উন্নয়ন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এই আশঙ্কায় গুগল ডিপমাইন্ডের এক ইঞ্জিনিয়ার পদত্যাগ করেছেন। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কর্মরত রবার্ট ও’ক্যালাহান জানিয়েছেন, এআইকে আরও সস্তা এবং দ্রুত করার কাজে যুক্ত থাকা নিয়ে তিনি ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

নিজের ব্লগে প্রকাশ করা পদত্যাগের ই-মেইলে ও’ক্যালাহান লেখেন যে এআই-এর অগ্রগতি তার কাছে অতিরিক্ত দ্রুত বলে মনে হয়েছে। তার দলের মূল কাজ ছিল এআই ব্যবস্থাকে আরও কম খরচে এবং কম লেটেন্সিতে পরিচালনার উপযোগী করে তোলা। কিন্তু এই কাজের সম্ভাব্য প্রভাব নিয়ে চিন্তা করতে করতে শেষ পর্যন্ত তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে এআই নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করা চরমপন্থীদের অবস্থান পুরোপুরি গ্রহণ করেননি তিনি। কৃত্রিম সুপারইন্টেলিজেন্স বা এএসআই-এর কারণে মানবসভ্যতার ধ্বংসের সম্ভাবনা শতভাগ, এমনটা তিনি মনে করেন না।

ও’ক্যালাহানের বক্তব্য অনুযায়ী, এএসআই-সংক্রান্ত বিপদের সম্ভাবনা বাস্তব হলেও তা একেবারেই নিশ্চিত নয়। তাঁর যুক্তি, এই ঝুঁকি অনিশ্চিত হলেও খুব কাছের ভবিষ্যতে এএসআই তৈরির দৌড়কে দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে দেখা কঠিন। তিনি এমন একটি অবস্থান নিয়েছেন যা চরম আশাবাদ এবং নিশ্চিত ধ্বংসের আশঙ্কার মাঝামাঝি। ও’ক্যালাহান সরাসরি এআই মডেল তৈরি করতেন না, বরং তাঁর কাজ ছিল হার্ডওয়্যার চিপ ডিজাইনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে। সময়ের সঙ্গে তাঁর ধারণা বদলায় এবং তিনি উপলব্ধি করেন যে তাঁর কাজের মাধ্যমে এআই আরও সস্তা, দ্রুত ও সক্ষম হয়ে উঠছে, যা তাঁর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন: গেমিং ও ক্রিয়েটিভ বিভাগেও ছাঁটাই: মাইক্রোসফটে চাকরি হারাচ্ছেন ২৭৭ জন

ও’ক্যালাহানের পদত্যাগের খবরটি এমন এক সময়ে সামনে এসেছে যখন গুগল মহাকাশে নিজেদের এআই চিপ পরীক্ষা করার পরিকল্পনা প্রকাশ করেছে। প্রজেক্ট সানক্যাটারের অধীনে গুগলের ট্রিলিয়াম টিপিইউ বহনকারী একটি প্রোটোটাইপ উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে। সৌর প্যানেলের সাহায্যে মহাকাশে এআই কম্পিউটিং অবকাঠামো তৈরি করা সম্ভব কি না, তা পরীক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ও’ক্যালাহানের পদত্যাগের লেখায় এই প্রকল্পের কোনো উল্লেখ ছিল না।

ভালো বেতন এবং আকর্ষণীয় প্রযুক্তিগত সমস্যার সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে দেওয়া তাঁর জন্য সহজ ছিল না। অকল্যান্ডে তিনি চার্চের প্রবীণ সদস্য এবং নিজের কাজের সম্ভাব্য প্রভাব উপেক্ষা করা তাঁর ধর্মীয় বিশ্বাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি মনে করেছেন। এর আগে অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন কিংবা গুগল ডিপমাইন্ডের ঋষভ জৈন ও বিলাল চুঘতাইয়ের পদত্যাগের মতো ঘটনাও এআই নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে স্পষ্ট করে।

ও’ক্যালাহান নিজেকে এআই নিয়ে চরম উদ্বেগের সঙ্গে পুরোপুরি একাত্ম না করলেও রিওয়ার্ড হ্যাকিং এবং মিসঅ্যালাইনমেন্টের মতো বাস্তব ঝুঁকির কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি এআই নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। গুগলের চাকরি ছাড়লেও তিনি এআই গবেষণা থেকে সম্পূর্ণ সরে যাচ্ছেন না এবং ভবিষ্যতে মানুষের জন্য ইতিবাচক বা প্রো-হিউম্যান কোনো প্রকল্পে কাজ করতে চান।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর