শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আইওএস ২৭-এ বড় নিরাপত্তা ফিচার, প্রতারণার সময় সতর্ক করবে আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

iOS 27-এ আসছে নতুন নিরাপত্তা ফিচার, প্রতারণা থেকে বাঁচাবে আইফোন
আইওএস ২৭-এ বড় নিরাপত্তা ফিচার, প্রতারণার সময় সতর্ক করবে আইফোন

ভুয়া ব্যাংক, সরকারি সংস্থা, ডেলিভারি পরিষেবা কিংবা পরিচিত মানুষের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা গত কয়েক বছরে ক্রমশ বেড়েছে। ফোনে কথা বলে বা মেসেজের মাধ্যমে ব্যবহারকারীকে বিশ্বাস করিয়ে টাকা পাঠানো কিংবা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের তথ্য বদলে নেওয়া এখন প্রতারকদের পরিচিত কৌশল।

এই ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতারণা ঠেকাতে এবার আইওএস ২৭-এ (iOS 27) নতুন নিরাপত্তা ফিচার নিয়ে এসেছে অ্যাপল। নতুন এই ফিচারটির নাম ‘ইমপারসোনেশন রিস্ক ডিটেকশন’। অ্যাপলের দাবি, ব্যবহারকারী কোনো সক্রিয় প্রতারণার মধ্যে রয়েছেন কি না, বিশেষ করে টাকা পাঠানোর আগে বা গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পরিবর্তনের সময়, সেটির সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে সতর্ক করতে পারবে এই ব্যবস্থা।

যেভাবে কাজ করবে ইমপারসোনেশন রিস্ক ডিটেকশন

অ্যাপলের তথ্য অনুযায়ী, এই ফিচার এমন পরিস্থিতি শনাক্ত করার জন্য তৈরি যেখানে কোনো প্রতারক ব্যাংক বা সরকারি সংস্থার পরিচয় দিয়ে ব্যবহারকারীকে নির্দিষ্ট পদক্ষেপ নিতে বাধ্য করার চেষ্টা করে। আইফোন বা আইপ্যাড এবং ব্যবহারকারীর অ্যাপল অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে সিস্টেম সন্দেহজনক কার্যকলাপের লক্ষণ খুঁজে বের করে। কোনো সমর্থিত অ্যাপ ঝুঁকি যাচাইয়ের অনুরোধ করলে সিস্টেম একটি ঝুঁকির স্তর তৈরি করে এবং অ্যাপ সেই মাত্রার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঠিক করে। এই ফিচারের ঝুঁকি মোট তিনটি স্তরে বিভক্ত—আননোন (কোনো প্রমাণ নেই), মিডিয়াম (কিছু লক্ষণ পাওয়া গেছে) এবং হাই (উল্লেখযোগ্য লক্ষণ শনাক্ত হয়েছে)। ফলে টাকা পাঠানো বা পাসওয়ার্ড পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজের সময় বেশি ঝুঁকি দেখলে সিস্টেম ব্যবহারকারীকে সতর্ক করতে পারে।

আরও পড়ুন: পিক্সেল ফোনে বড় নিরাপত্তা আপডেট, ‘জিরো-ক্লিক’ হামলা বন্ধ করল গুগল

ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও চালুর নিয়ম

এই ফিচারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ঝুঁকি নির্ধারণের জন্য ব্যবহৃত ব্যক্তিগত তথ্য সরাসরি কোনো অ্যাপকে দেওয়া হয় না; অ্যাপ শুধু চূড়ান্ত ঝুঁকির স্তরটি জানতে পারে। আইওএস ২৭-এ এই ফিচারটি চালু করতে প্রথমে সেটিংস অ্যাপে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। এরপর নিচে গিয়ে ‘ইমপারসোনেশন রিস্ক ডিটেকশন’ নির্বাচন করে ‘শেয়ার উইথ অ্যাপ ডেভেলপারস’ অপশনটি চালু করতে হবে। প্রয়োজনে অ্যাপ স্টোরে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ব্যবহারকারীরা কোন কোন অ্যাপ এই সুবিধা পাবে তা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সতর্কতা জরুরি

অ্যাপল স্পষ্ট করেছে যে এই ফিচারটি সব ধরনের প্রতারণা শনাক্ত করার গ্যারান্টি দেয় না এবং এটি কেবল সমর্থিত অ্যাপের সঙ্গেই কাজ করে। তাই নতুন এই নিরাপত্তা ব্যবস্থা থাকার পাশাপাশি ব্যবহারকারীদের নিজেদেরও সবসময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর