মোবাইল, ল্যাপটপ বা চার্জারের গায়ে ডাস্টবিনের ছবির ওপর একটি বড় ‘এক্স’ বা ক্রস চিহ্ন প্রায়ই দেখা যায়। বেশিরভাগ মানুষই এর আসল অর্থ বা কারণ সম্পর্কে জানেন না। ইলেকট্রনিক ডিভাইসে থাকা এই বিশেষ চিহ্নটিকে ডব্লিউইইই (WEEE) চিহ্ন বলা হয়। মূলত ডিভাইসটির প্রয়োজন ফুরিয়ে গেলে বা সেটি নষ্ট হয়ে গেলে কীভাবে তা ডিসপোজ করতে হবে, তার সঙ্গে এই চিহ্নটি সম্পর্কিত। এর মূল অর্থ হলো, এই ধরনের ইলেকট্রনিক সামগ্রী কখনোই সাধারণ গার্হস্থ্য ডাস্টবিনে ফেলা যাবে না।
আরও পড়ুন: ফোন পকেটে রাখার সঠিক নিয়ম জানেন না বেশিরভাগ মানুষ
ইলেকট্রনিক গ্যাজেট বা যন্ত্রাংশে সিসা, পারদ এবং ক্যাডমিয়ামের মতো মারাত্মক ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে। এই বর্জ্যগুলো সাধারণ আবর্জনার সঙ্গে ফেলে দিলে তা মাটি ও পানির সঙ্গে মিশে পরিবেশ এবং মানবদেহের মারাত্মক ক্ষতি করতে পারে। এই কারণে ফোন, ল্যাপটপ বা চার্জারের মতো ই-বর্জ্য নির্দিষ্ট কোনো রিসাইক্লিং কেন্দ্র বা কালেকশন সেন্টারে জমা দিতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশে ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভিন্ন নিয়ম চালু রয়েছে। ইউরোপের বাজারে বিক্রি হওয়া পণ্যে এই চিহ্ন বাধ্যতামূলক হলেও বাংলাদেশ ও ভারতের বাজারে বিক্রি হওয়া ইলেকট্রনিক পণ্যগুলোতেও এখন এই চিহ্ন দেখা যায়। পরিবেশ রক্ষা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ই-ওয়েস্ট রিসাইকেল করার উদ্দেশ্যেই এই নিয়ম তৈরি করা হয়েছে।
এজেড




