ওয়াইফাই রাউটারে থাকা গ্লোব (পৃথিবীর মানচিত্র) আইকনটি অনেকেই লক্ষ করেন, কিন্তু এর আসল কাজ অনেকেই জানেন না। মূলত রাউটারে থাকা এই ছোট্ট গ্লোবের চিহ্নটি আপনার ইন্টারনেট কানেক্টিভিটির একটি বড় আয়না। এর মাধ্যমে আপনার রাউটার এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (ISP) মধ্যে সংযোগের বর্তমান অবস্থা খুব সহজেই জেনে নেওয়া যায়।
গ্লোব চিহ্নের সঙ্গে জ্বলা আলোর বিভিন্ন রঙের অর্থ
সলিড সবুজ আলো: এর অর্থ ইন্টারনেট সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে এবং সঠিকভাবে কাজ করছে।
টিমটিম করা সবুজ আলো: এর অর্থ বর্তমানে কোনো না কোনো ডিভাইস ইন্টারনেট ব্যবহার করছে।
ধীরে ধীরে ব্লিঙ্ক করা আলো: এর অর্থ রাউটার ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এবং সংযোগ স্থাপন হয়ে গেলে আলোটি সবুজ রঙে স্থির হয়ে যায়।
লাল বা কমলা আলো: এই রঙের আলো জ্বলা বা ব্লিঙ্ক করার অর্থ হলো আপনার ইন্টারনেট কানেকশন ফেল করেছে বা সংযোগে সমস্যা রয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: কিছু রাউটারে এই আলোর সংকেত ভিন্ন হতে পারে, তাই নিশ্চিত হতে রাউটারের ম্যানুয়াল বা নির্দেশিকা দেখে নেওয়া ভালো।)
ইন্টারনেট কাজ না করলে প্রাথমিক করণীয়
ইন্টারনেট কানেক্ট না হলে প্রথমে রাউটারের প্লাগ খুলে প্রায় ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার তা চালু (রিবুট) করে দেখতে পারেন। অনেক সময় এতে সমস্যার সমাধান হয়ে যায়।
রিবুট করার পরেও যদি নেট না চলে, তবে রাউটারের সঙ্গে সংযুক্ত ক্যাবল বা তারগুলো সঠিকভাবে লাগানো আছে কি না তা পরীক্ষা করুন।
এরপরও কাজ না হলে রাউটার ফ্যাক্টরি রিসেট করতে পারেন অথবা সরাসরি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করা উচিত।
এজেড




