২৪ ঘণ্টা একটানা রেফ্রিজারেটর চালু রাখা প্রতিটি বাড়িতেই সাধারণ একটি ঘটনা। তবে কখনো কি ভেবে দেখেছেন, এই ২৪ ঘণ্টা ফ্রিজ চালানোর ফলে মাসের শেষে আপনার পকেট থেকে ঠিক কত টাকা বিদ্যুৎ বিল বাবদ খরচ হতে পারে? রেফ্রিজারেটর বা ফ্রিজ এখন প্রতিটি পরিবারের কাছেই একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ফ্রিজ না থাকলে খাবার সংরক্ষণ বা গরমের দিনে ঠান্ডা পানির চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনের এই অপরিহার্য যন্ত্রটি চালাতে ঠিক কতখানি বিদ্যুৎ খরচ হয় এবং এর ফলে মাসের শেষে কেমন আর্থিক প্রভাব পড়তে পারে, সেই হিসাবটি একনজরে দেখে নেওয়া যাক।
সারাদিন বা চব্বিশ ঘণ্টা ফ্রিজ চালালে সাধারণত প্রতিদিন গড়ে এক থেকে দুই ইউনিট অর্থাৎ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ খরচ হয়ে থাকে। এর ফলে মাসে প্রায় ত্রিশ থেকে ষাট ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল আসতে পারে। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম সাত থেকে দশ টাকা ধরা হয়, তবে মাসের শেষে প্রায় আড়াইশো থেকে ছয়শ টাকা পর্যন্ত অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতে পারে। তবে এই হিসাবটি মূলত একটি স্ট্যান্ডার্ড বা সাধারণ রেফ্রিজারেটরের ওপর ভিত্তি করে ধরা হয়েছে। ফ্রিজ ঠিক কতখানি বিদ্যুৎ খরচ করবে, তা মূলত নির্ভর করে ফ্রিজটি কত লিটারের এবং তার ধারণক্ষমতা কতটা তার ওপর। রেফ্রিজারেটর যত আকারে বড় হবে, তার ভেতরের প্রতিটি বিভাগকে ঠান্ডা রাখতে তত বেশি শক্তির প্রয়োজন হবে।

ফ্রিজের বিদ্যুৎ খরচের বিষয়টি অনেকটাই নির্ভর করে যন্ত্রটির এনার্জি রেটিং বা স্টার রেটিংয়ের ওপর। অধিক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনেকেই বর্তমানে ফাইভ স্টার রেটিংযুক্ত রেফ্রিজারেটর কিনে থাকেন, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিলে ভালো অংকের অর্থ সাশ্রয় করতে সাহায্য করে।
আরও পড়ুন: ইনভার্টার বনাম নন-ইনভার্টার ফ্রিজ: বাজেট ও বিদ্যুৎ সাশ্রয়ে কোনটি এগিয়ে
তাছাড়া সাধারণ নন-ইনভার্টার ফ্রিজের তুলনায় আধুনিক ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ অনেক কম বিদ্যুৎ খরচ করে। একটি সাধারণ সিঙ্গেল ডোর ফ্রিজে মাসে পঁচিশ থেকে চল্লিশ ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে, পক্ষান্তরে ডাবল ডোর বা বড় আকারের ফ্রিজে পঁয়তাল্লিশ থেকে একশো কুড়ি ইউনিট পর্যন্ত খরচ হতে পারে। স্টার রেটিং যত বেশি হবে, বিদ্যুৎ খরচের পরিমাণ ততটাই কমবে। পাশাপাশি বারবার ফ্রিজের দরজা খোলা বা ভেতরে গরম খাবার রাখার মতো সাধারণ কিছু অভ্যাসের কারণে কম্প্রেসরকে বেশি সময় ধরে কাজ করতে হয়, যার ফলে বিদ্যুৎ বিলও কিছুটা বেশি আসার সম্ভাবনা থাকে।
এজেড





