বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।
‘ইনোভেশন টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতের নানা উদ্যোগ তুলে ধরা হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলায় ১৫০টিরও বেশি উদ্ভাবনী প্রকল্প ও উদ্যোগ প্রদর্শন করা হবে। পাশাপাশি ১৫টির অধিক সেশন ও ডায়ালগে বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশি-বিদেশি ৫০টিরও বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে। একই সঙ্গে শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।
এ ছাড়া মেলায় ৫০টিরও বেশি করপোরেট প্রতিষ্ঠান এবং শিল্প ও বাণিজ্য খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ থাকবে। এর মাধ্যমে উদ্ভাবনী ধারণাকে বাজারমুখী করার পাশাপাশি গবেষণা, প্রযুক্তি ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
মেলার প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের আগামী ৩০ আগস্টের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য যেতে হবে [www.innovationfairbd.org (http://www.innovationfairbd.org) ওয়েবসাইটে। কারা মেলায় অংশ নিতে পারবেন এবং নিবন্ধন-সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
টিএই/এআরএম




