আইফোন দিয়ে ছবি তোলার শখ অনেকেরই রয়েছে, তবে এর ভেতরের কিছু চমৎকার ফিচার বা সেটিং অনেকেরই অজানা। ফোনের সাধারণ কিছু ক্যামেরা সেটিং সঠিকভাবে ব্যবহার করতে পারলে ছবির মান এক নিমেষে অনেকখানি বাড়িয়ে নেওয়া সম্ভব। আইফোনের তেমনই ৫টি দরকারি ক্যামেরা সেটিং এবং তার ব্যবহার সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
লেভেল ফিচার সক্রিয় করা: মাটি, টেবিল বা যেকোনো সমতল জায়গার ছবি তোলার সময় ক্যামেরা সোজা রাখতে লেভেল ফিচারটি দারুণ কাজে আসে। এটি সক্রিয় করতে ফোনের সেটিংস থেকে ক্যামেরা অপশনে গিয়ে লেভেল অন করে নিতে হবে। ক্যামেরা ব্যবহার করার সময় স্ক্রিনে থাকা সিগন্যাল দেখে সহজেই বোঝা যায় ফোনটি সোজা আছে কি না, ফলে ছবিতে বাঁকা ভাব কমে যায়।

গ্রিড অন করা: ছবিতে সাবজেক্ট বারবার বাঁকা হয়ে গেলে বা ফ্রেম ঠিকমতো ব্যালেন্স না হলে গ্রিড (Grid) অপশনটি চালু করা অত্যন্ত দরকারি। সেটিংস থেকে ক্যামেরা অপশনে গিয়ে গ্রিড অন করলে স্ক্রিনে বেশ কিছু জালের মতো লাইন দেখা যায়। এর সাহায্যে ছবির সাবজেক্টকে নিখুঁত জায়গায় রাখা এবং সোজা লাইনগুলো সঠিকভাবে সাজানো সহজ হয়।
লেন্স কারেকশন ব্যবহার করা: আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অনেক সময় প্রান্তের অংশগুলো কিছুটা বাঁকা বা বিকৃত দেখায়। এই সমস্যা দূর করতে আইফোনের লেন্স কারেকশন ফিচারটি অন করে রাখা উচিত। বিশেষ করে বড় বিল্ডিং, গ্রুপ ছবি বা ওয়াইড শট নেওয়ার ক্ষেত্রে এই সেটিংটি ছবির বিকৃতি কমাতে সাহায্য করে।

ফটোগ্রাফিক স্টাইল পরিবর্তন: ছবি তোলার পরে বারবার এডিট করার ঝামেলা এড়াতে ক্যামেরার নিজস্ব ফটোগ্রাফিক স্টাইল ফিচারটি ব্যবহার করা যেতে পারে। ক্যামেরা অ্যাপের ওপরের কন্ট্রোল থেকে নিজের পছন্দমতো স্টাইল বেছে নিলে ছবির টোন, কালার ও কনট্রাস্ট নিজের ইচ্ছেমতো ফুটিয়ে তোলা যায়। পছন্দসই স্টাইলটিকে ডিফল্ট হিসেবেও সেট করে রাখা সম্ভব।
আরও পড়ুন: আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!
প্রিজার্ভ সেটিংস মনে রাখা: ক্যামেরা অ্যাপে কোনো বিশেষ মোড বা সেটিং সেট করার পর অ্যাপ বন্ধ করে আবার চালু করলে অনেক সময় তা রিসেট হয়ে যায়। এই ঝামেলা এড়াতে সেটিংসে গিয়ে ক্যামেরার প্রিজার্ভ সেটিংস অপশন থেকে প্রয়োজনীয় ফিচারগুলো সক্রিয় করে রাখা যায়। এর ফলে ক্যামেরা আগের পছন্দসই মোড বা সেটিংগুলো মনে রাখে এবং বারবার নতুন করে সেট করার প্রয়োজন হয় না।
এজেড




