বৃহত্তর ঢাকায় মোবাইল নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন সম্পন্ন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটির দাবি, এ আধুনিকায়নের ফলে রাজধানী ও আশপাশের এলাকায় ডেটার গতি, ভয়েস কলের মান এবং ঘরের ভেতরের নেটওয়ার্ক কাভারেজে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকায় নিজেদের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক নিশ্চিত করার দাবি করেছে রবি।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নেটওয়ার্ক আধুনিকায়নের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ।
রবি জানায়, বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। গ্রাহকসেবায় বড় ধরনের বিঘ্ন না ঘটিয়ে প্রায় তিন মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
আধুনিকায়নের ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। একই সঙ্গে কল ড্রপ ২০ শতাংশ কমেছে। বৃহত্তর ঢাকা ও গাজীপুর এলাকায় ঘরের ভেতরে আগের তুলনায় তিন গুণ উন্নত নেটওয়ার্ক কাভারেজ ও সংযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে রবি।
এ কাজে নতুন প্রজন্মের ‘গিগা গ্রিন ৪জি/৫জি রেডি’ প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এর ফলে নেটওয়ার্কের সক্ষমতা বাড়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও হচ্ছে। প্রতি গিগাবাইট ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচ প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবি বলছে, ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন তাদের দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির অংশ। বর্তমানে হাতে গোনা কয়েকটি জেলার আধুনিকায়ন কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরপর আধা-শহরাঞ্চলের নেটওয়ার্ক আরও শক্তিশালী করার দিকে গুরুত্ব দেওয়া হবে। এসব এলাকায় দ্রুত বাড়তে থাকা গ্রাহকের চাহিদা পূরণ করাই এর লক্ষ্য।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে সরকার এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের উন্নত সেবা দিতে রবির নেটওয়ার্কে বড় বিনিয়োগের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
তিনি বলেন, সব নাগরিকের কাছে ডিজিটাল সুবিধা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত। তবে মোবাইল অপারেটরদেরও নেটওয়ার্কে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শিল্পখাত আরও পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে সেবার মান প্রতিযোগিতার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠছে। ঢাকার নেটওয়ার্ক নতুন করে সাজানোর মাধ্যমে রবি নিজেদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, মাত্র তিন মাসে প্রায় ৫ হাজার সাইটে কাজ সম্পন্ন করা একটি বড় অর্জন। গ্রাহকদের মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ায় রবির প্রযুক্তি দলকে অভিনন্দন জানান তিনি।
তিনি বলেন, ডিজিটাল বৈষম্য দূর করতে এ ধরনের উদ্যোগ প্রয়োজন।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়নকে প্রতিষ্ঠানের জন্য বড় অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ঢাকায় এখন রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী।
প্রতিষ্ঠানটি জানায়, আধুনিকায়নের ফলে তরুণদের জন্য চালু করা রবির ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘সার্কেল’-এর গ্রাহকরাও উন্নত সেবা পাবেন। ভিডিও স্ট্রিমিং, গেমিং ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মতো বেশি ডেটা প্রয়োজন এমন কাজে তারা দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগ পাবেন বলে আশা করছে রবি।
অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা এবং প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ



