রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

মহাসড়কে বেপরোয়া যানবাহনকে জরিমানা করবে এআই!

এমএম সালাহউদ্দিন
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

মহাসড়কে বেপরোয়া যানবাহনকে জরিমানা করবে এআই!

দেশের মহাসড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অত্যাধুনিক প্রযুক্তি। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ প্রযুক্তি সবার আগে ব্যবহার করা হবে। ১৮ আগস্ট থেকে হাইওয়ে পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে । 

গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ঢাকা মেইলকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) এই কার্যক্রম উদ্বোধন করবেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

AI

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে।

আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। 

মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, নগদসহ অন্যান্য সেবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে।

এ ছাড়া মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানো, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ এ বিষয়ে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা চেয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর