শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

মেটার নতুন পেইড প্ল্যান

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে মিলবে প্রিমিয়াম সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে মিলবে প্রিমিয়াম সুবিধা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন পেইড সাবস্ক্রিপশন বা প্রি-পেইড সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বিশ্বজুড়ে এই সেবা চালু হতে যাচ্ছে। মেটা ওয়ান নামের এই নতুন সেবার অধীনে কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়িক স্বার্থে ব্যবহারের জন্য পেশাদার প্ল্যান এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক বিশেষ সুবিধা রাখা হয়েছে। এর ফলে টাকা খরচ করে ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ টুল, প্রোফাইল কাস্টমাইজেশন এবং অ্যাডভান্সড অ্যানালিটিক্সের মতো আধুনিক ফিচার।

ইনস্টাগ্রাম প্লাস এবং ফেসবুক প্লাসের সাবস্ক্রিপশন মূল্য নির্ধারণ করা হয়েছে মাসে ৩.৯৯ ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণের জন্য ব্যবহারকারীদের মাসে গুনতে হবে ২.৯৯ ডলার।  ইনস্টাগ্রাম প্লাস ব্যবহার করলে কোনো স্টোরি কে কতবার পুনরায় দেখেছেন তা জানা যাবে। এছাড়া ক্লোজ ফ্রেন্ডসের বাইরেও নিজের পছন্দমতো দর্শক তালিকা তৈরি করা যাবে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে চ্যাট করুন নম্বর না জানিয়েই, জানুন নতুন ফিচারের খুঁটিনাটি

প্রতি সপ্তাহে একটি স্টোরিকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে স্পটলাইট করার সুবিধাও থাকছে। ব্যবহারকারীরা চাইলে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে স্টোরি সাজিয়ে রাখতে পারবেন এবং নিজের পরিচয় গোপন রেখে অন্যের স্টোরি দেখার সুযোগও পাবেন। স্টোরি ভিউয়ার তালিকায় খোঁজার সুবিধা, হাইলাইটস-এ সরাসরি পোস্ট যুক্ত করা, সুপার হার্ট স্টোরি রিঅ্যাকশনের মতো ফিচারও এতে যুক্ত হচ্ছে। 

এর পাশাপাশি অ্যাপের জন্য নিজস্ব আইকন বেছে নেওয়া, প্রোফাইল বায়োর জন্য আলাদা ফন্ট এবং প্রোফাইলে আরও বেশি পোস্ট পিন করার সুবিধাও পাওয়া যাবে। ফেসবুক প্লাসেও ইনস্টাগ্রাম প্লাসের মতো প্রোফাইল সাজানোর সুবিধা থাকবে। পাশাপাশি অডিয়েন্স ইনসাইটস বা দর্শক পরিচিতি, এনগেজমেন্ট টুলস এবং সামাজিক যোগাযোগের নতুন সব ফিচার যোগ করা হবে। হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণে ব্যবহারকারীরা বিভিন্ন থিম ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কাস্টম রিংটোন সেট করা, আরও বেশি চ্যাট পিন করা এবং চ্যাট তালিকা নিজের মতো করে সাজানোর সুবিধা থাকবে। এর সাথে ব্যবহারকারীরা প্রিমিয়াম স্টিকার এবং আরও বেশি ব্যক্তিগত মেসেজিং ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

মেটা এআই-ভিত্তিক নতুন সাবস্ক্রিপশন প্ল্যান মেটা ওয়ান প্লাস এবং মেটা ওয়ান প্রিমিয়ামের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। মেটা ওয়ান প্লাস প্ল্যানের মূল্য মাসে ৭.৯৯ ডলার এবং মেটা ওয়ান প্রিমিয়ামের দাম ১৯.৯৯ ডলার। এই প্ল্যানগুলো বিশেষভাবে সেই সব ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা মেটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নত ফিচার বেশি ব্যবহার করেন।


বিজ্ঞাপন


image-1779971978093

এছাড়া মেটা ওয়ান এসেনশিয়াল নামে আরও একটি প্ল্যানের কথা জানা গেছে, যার দাম মাসে ১৪.৯৯ ডলার। এতে ভেরিফাইড ব্যাজ বা নীল টিক চিহ্ন, ভুয়া অ্যাকাউন্ট থেকে সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি বাড়ানোর জন্য উন্নত লিংকশিটের মতো সুবিধা থাকতে পারে। এই প্ল্যান মূলত কনটেন্ট নির্মাতা ও পেশাদার ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

অন্যদিকে মেটা ওয়ান অ্যাডভান্সড প্ল্যানের দাম মাসে ৪৯.৯৯ ডলার বলে জানানো হয়েছে। এই প্রিমিয়াম প্ল্যানে ফেসবুক ফিড ও সার্চ রেজাল্টে বেশি ভিজিবিলিটি বা দৃশ্যমানতা মিলবে। পাশাপাশি অ্যাডভান্সড অ্যানালিটিক্স টুলস, অডিয়েন্স ইনসাইটস এবং পোস্ট শিডিউলিংয়ের মতো ফিচারও পাওয়া যাবে, যা কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে। এই প্ল্যানে পাসওয়ার্ড শেয়ার না করেই মডারেটর অ্যাক্সেস দেওয়া যাবে। এছাড়া মূল কনটেন্ট কেউ পুনরায় ব্যবহার করলে অ্যালার্ট বা সতর্কবার্তা পাওয়ার সুবিধাও থাকবে।

সাধারণ ব্যবহারকারীদের জন্য মেটা এআই বিনামূল্যে থাকবে। তবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা পেইড প্ল্যান নেওয়া ব্যবহারকারীরা আরও শক্তিশালী এআই ফিচার ব্যবহার করতে পারবেন। এতে বড় এআই কাজের জন্য উন্নত রিজনিং বা যুক্তি বিশ্লেষণ এবং ছবি ও ভিডিও তৈরির অ্যাডভান্সড টুল অন্তর্ভুক্ত থাকবে। এই ফিচারগুলো ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো মেটা অ্যাপগুলোতে পাওয়া যেতে পারে। মেটা আগামী কয়েক সপ্তাহে বিশেষত এআই গ্লাসেস বা চশমা ব্যবহারকারীদের জন্য আরও অতিরিক্ত সুবিধা যোগ করার পরিকল্পনা করছে। এই এআই প্ল্যানগুলোর পরীক্ষামূলক কার্যক্রম আগামী সপ্তাহ থেকে সিঙ্গাপুর, গুয়াতেমালা এবং বলিভিয়ার মতো নির্বাচিত বাজারে শুরু হতে পারে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর