ভারতের বাজারে কম বাজেটের মধ্যে নতুন ফাইভজি স্মার্টফোন নিয়ে হাজির হলো ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির নতুন এই হ্যান্ডসেটের মডেল ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’ (Infinix Note 60 Pro)। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারির এই ফোনটি ইতিমধ্যেই দেশের প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে।
প্রিমিয়াম স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে এই ফোনে রয়েছে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং এইচডিআর সাপোর্টসহ ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস ৭আই প্রোটেকশন, যা ব্যবহারকারীকে চমৎকার ও উজ্জ্বল ভিজ্যুয়াল দেবে। ফোনটির পেছনে মূল ডিসপ্লের পাশাপাশি একটি রিয়ার ম্যাট্রিক্স ডিসপ্লেও রয়েছে।
বিজ্ঞাপন

উন্নত পারফরম্যান্স ও দ্রুত গতির জন্য ডিভাইসটিতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন ৪ প্রসেসর এবং অ্যাড্রিনো জিপিইউ। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনটি দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও গেমিংয়ের জন্য দারুণ উপযোগী। ফোনটির পেছনে মূল ক্যামেরা হিসেবে রয়েছে এআই ফিচার ও ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এছাড়া ফ্রন্টে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
দীর্ঘ সময় ব্যাকআপের জন্য ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দ্রুত চার্জ করার জন্য ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ফাইভজি সাপোর্ট, ব্লুটুথ ৫.৪ এবং ওয়াই-ফাই ৬-সহ একাধিক আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। ভারতের বাজারে ইনফিনিক্স নোট ৬০ প্রো স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ রুপি। যারা ৩০ থেকে ৩৫ হাজার রুপির মধ্যে ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য এটি চমৎকার একটি বিকল্প হতে পারে।
এজেড




