মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে সম্প্রতি দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি বা 'বাগ' ধরা পড়েছে, যা কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে ফেলতে পারত।
২০২৬ সালের সিকিউরিটি অ্যাডভাইজরিতে মেটা জানিয়েছে, এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীদের ডিভাইসে অনাকাঙ্ক্ষিত প্রবেশাধিকার পাওয়ার সুযোগ পেত। যদিও মেটা দ্রুত এই সমস্যার সমাধান হিসেবে আপডেট অবমুক্ত করেছে, তবুও বিশেষজ্ঞদের মতে বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়।
বিজ্ঞাপন

প্রথম ত্রুটিটি মূলত হোয়াটসঅ্যাপের সেই ফিচারের সঙ্গে যুক্ত যেখানে এআই-ভিত্তিক মেসেজের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এমবেড করা হয়। এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা এমন কিছু বিশেষ মেসেজ পাঠাতে পারত, যা ওপেন করলেই ব্যবহারকারী অনিরাপদ কোনো লিঙ্কে রিডাইরেক্ট হয়ে যেতেন।
আরও পড়ুন: চ্যাট বাবল: হোয়াটসঅ্যাপ না খুলেই মেসেজ পড়া ও রিপ্লাই দেওয়া যাবে
অন্যদিকে হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ভার্সন ব্যবহারকারীদের জন্য ঝুঁকি ছিল আরও বেশি। সেখানে সাধারণ কোনো ছবি বা ডকুমেন্টের আড়ালে ক্ষতিকর এক্সিকিউটেবল ফাইল পাঠিয়ে ব্যবহারকারীর ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার পথ তৈরি করা সম্ভব ছিল। তবে আশার কথা হলো, এখন পর্যন্ত এই ত্রুটি ব্যবহার করে বড় ধরনের কোনো সফল হামলার প্রমাণ পাওয়া যায়নি। নিরাপদ থাকতে ব্যবহারকারীদের দ্রুত অ্যাপটি আপডেট করে নেওয়ার পাশাপাশি অপরিচিত নম্বর থেকে আসা কোনো ফাইল বা লিঙ্ক খোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এজেড




