জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ইন্টারফেসে (UI) এক বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এখন থেকে অন্যের স্ট্যাটাস দেখার জন্য আর আলাদা করে ‘আপডেটস’ ট্যাবে যাওয়ার প্রয়োজন হবে না। সরাসরি ‘চ্যাট ট্যাব’ থেকেই কন্টাক্ট লিস্টে থাকা ব্যক্তিদের স্ট্যাটাস দেখা যাবে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের আপডেট ট্র্যাকার ‘ডাব্লুএবিটাইনফো’ (WABetaInfo)-র এক রিপোর্টে এই নতুন ফিচারের তথ্য সামনে এসেছে। মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতেই এই ডিজাইন পরিবর্তন করা হচ্ছে।
বিজ্ঞাপন
চ্যাট লিস্টের উপরেই ‘স্ট্যাটাস রো’
নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টের ঠিক উপরে একটি নির্দিষ্ট ‘স্ট্যাটাস রো’ বা সারি যুক্ত হতে পারে। অনেকটা ইনস্টাগ্রাম বা ফেসবুকের স্টোরি সেকশনের মতো, চ্যাট লিস্ট স্ক্রল করার সময় উপরের দিকেই সাম্প্রতিক স্ট্যাটাসগুলো ভেসে উঠবে। ফলে ব্যবহারকারীরা ট্যাব পরিবর্তন না করেই চটজলদি স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

নেভিগেশন বারেও আসছে পরিবর্তন
বিজ্ঞাপন
রিপোর্টে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ একটি স্মার্ট ‘স্ট্যাটাস ট্রে’ নিয়ে কাজ করছে। এখানে ব্যবহারকারী যাদের সাথে সবচেয়ে বেশি চ্যাট করেন, তাদের স্ট্যাটাসগুলো অগ্রাধিকার ভিত্তিতে আগে দেখানো হবে। তবে কেউ যদি কোনো স্ট্যাটাস ‘মিউট’ করে রাখেন, তবে তা বর্তমানের মতোই আলাদা সেকশনে জমা থাকবে।
চ্যাট ট্যাব থেকেই দেওয়া যাবে স্ট্যাটাস
শুধু অন্যের স্ট্যাটাস দেখাই নয়, নতুন ডিজাইনে ব্যবহারকারীরা সরাসরি চ্যাট ট্যাব থেকেই নিজেদের স্ট্যাটাস পোস্ট করতে পারবেন। এতে স্ট্যাটাস আপডেট করার প্রক্রিয়াটি আরও দ্রুত ও স্মুথ হবে বলে ধারণা করা হচ্ছে।
কবে নাগাদ মিলবে এই সুবিধা?
বর্তমানে অ্যানড্রয়েড এবং আইওএস (iOS)—উভয় প্ল্যাটফর্মের জন্যই এই ফিচারের ডেভেলপমেন্টের কাজ চলছে। আইওএস-এর টেস্টফ্লাইট বিল্ডে এটি পরীক্ষামূলকভাবে দেখা গেছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে, সে বিষয়ে মেটা কিংবা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এজেড




